রাশমিকা মানদানা বহুদিন ধরেই আলোচনার শীর্ষে। বলিউড অভিনেত্রী না হলেও বলিউডেও তাকে নিয়ে চর্চা চলে। ‘পুষ্পা টু’ দিয়ে তিনি সবার মনোযোগ আবারো কেড়ে নিয়েছেন। গত বছরের শেষে আসা এ সিনেমা দিয়েছে স্মরণকালের সেরা ব্যবসা। এরই মধ্যে নতুন সিনেমা নিয়ে হাজির রাশমিকা। এবার ভিকি কৌশলের বিপরীতে অভিনয় করেছেন তিনি। লক্ষ্মণ উতেকর পরিচালিত সিনেমার নাম ‘ছাভা’। ভিকি অভিনয় করেছেন মারাঠা রাজা শম্ভাজীর চরিত্রে এবং রাশমিকা অভিনয় করেছেন তার স্ত্রী যশুবাই ভোসলের চরিত্রে। এ সিনেমারই ট্রেলার লঞ্চে রাশমিকা জানালেন, এখন অবসর নিলেও দুঃখ থাকবে না তার।

ছাভার ট্রেলার লঞ্চের পর রাশমিকাকে এ সিনেমা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘জীবনভর অপেক্ষা করার পর এমন একটা সিনেমায় সুযোগ পাওয়া যায়। আমি লক্ষ্মণ স্যারকে বলছিলাম যে এমন একটা সিনেমার পর অবসর নিলেও আমার আর দুঃখ থাকবে না।’

রাশমিকা দক্ষিণ ভারতীয়। মহারাষ্ট্রের মানুষের চেহারা বা দেহগঠনের সঙ্গে তার মিল নেই। একজন মহারাষ্ট্রীয় নারীর চরিত্রে অভিনয় করা নিয়ে তার কোনো সমস্যা হয়েছিল কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি জানি না লক্ষ্মণ স্যার এটা নিয়ে কী ভেবেছিলেন। তবে আমার নিজের জন্য এটা অন্যতম বিশেষ একটা চরিত্র। আমি আনন্দিত যে এমন একটা চরিত্রে অভিনয় করতে পারছি। আমার মনে হয় চরিত্রটা ফুটিয়ে তুলতে পেরেছি। আপনারা অচিরেই তা দেখতে পাবেন এবং আপনাদের কাছ থেকেই জানব আমি কেমন করেছি।’

এর সঙ্গে রাশমিকা যুক্ত করেন, তিনি মারাঠাদের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরে উচ্ছ্বসিত।

ছাভা নির্মাণ হয়েছে শিবাজী সাওয়ান্তের একই নামের উপন্যাস থেকে। এ সিনেমায় রাশমিকা ও ভিকির সঙ্গে অভিনয় করেছেন অক্ষয় খান্না, ডায়ানা, দিব্যা দত্ত ও আশুতোষ রানা। অক্ষয় খান্না অভিনয় করেছেন আওরঙ্গজেবের চরিত্রে। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৪ ফেব্রুয়ারি।

সূত্র: বলিউড হাঙ্গামা