স্ট্যানলি কুবরিকের লোলিটাখ্যাত অভিনেত্রী স্যু লিওন আর নেই। ২৬ ডিসেম্বর লস অ্যাঞ্জেলেসে এ অভিনেত্রী মৃত্যুবরণ করেন। সম্প্রতি নিউইয়র্ক টাইমস খবরটি প্রকাশ করেছে। তার বয়স ছিল ৭৩। অভিনেত্রীর এক বন্ধু ফিল সেরাকোপলেসের বরাত দিয়ে সংবাদমাধ্যমে বলা হয়, ‘তিনি (স্যু লিওন) বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। কিন্তু তার মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে এখনো জানা যায়নি।’

১৯৬২ সালে ভ্লাদিমির নবকোভের ‘লোলিটা’ উপন্যাস অবলম্বনে একই নামের লোলিটা ছবিটি নির্মাণ করেছিলেন স্ট্যানলি কুবরিক। এতে ডলোরেস হেজ চরিত্রে অভিনয় করেছিলেন মার্কিন অভিনেত্রী ও মডেল স্যু লিওন। মাত্র ১৪ বছর বয়সে তিনি এ ছবিতে অভিনয় করেছিলেন। ছবিটিতে অভিনয়ের জন্য এ অভিনেত্রী এখনো স্মরণীয় হয়ে আছেন। স্যু লিওন ১৯৪৬ সালে আইওয়ার ডেভেনপোর্টে জন্মগ্রহণ করেন। খুব অল্প বয়সে মডেলিংয়ের মাধ্যমে তিনি হলিউডে যাত্রা করেছিলেন। মডেলিংয়ে আসার অল্প সময়ের মধ্যে অভিনয় করেন কুবরিকের লোলিটায়। হেজ চরিত্রে অভিনয়ের জন্য স্যু প্রায় ৮০০ জন অভিনেত্রীর সঙ্গে প্রতিযোগিতা করেছিলেন। এ চরিত্রের জন্য গোল্ডেন গ্লোবও জিতেছিলেন লিওন। শুরু থেকেই ছবিটি নিয়ে অনেক বিতর্ক ছিল। কারণ উপন্যাসটিতে একজন অধ্যাপকের তার ১২ বছরের সেময়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার কাহিনী তুলে ধরা হয়েছিল। এ কাহিনীকে ঘিরেই কুবরিক নির্মাণ করেন তার লোলিটা। যদিও তিনি ছবি নির্মাণের সময় স্ক্রিপ্টে অনেক পরিবর্তন নিয়ে এসেছিলেন। ছবির শুটিংয়ের সময় লিওনের বয়স ছিল ১৪। কিন্তু ছবিতে লিওনকে ১৫ বছর বয়সী হিসেবে চিত্রিত করা হয়। বিষয়বস্তুর কারণে সে সময় ছবির অনেক দৃশ্য লন্ডনে গোপনে ধারণ করা হয়েছিল। হেজ চরিত্রে অভিনয়ের প্রায় দুই বছর পর জন হাস্টনের নাইট অব দি ইগুয়ায় অভিনয় করেন এ অভিনেত্রী। এরপর জন ফোর্ডের ৭ উইমেনসহ (১৯৬৬), টনি রোম (১৯৬৭), ফোর রোড আউট অ্যান্ড ইভিল নাইভেল (১৯৭০) ছবিতে অভিনয় করেন লিওন। ব্যক্তিগত জীবনে লিওন পাঁচবার বিয়ে করেছিলেন। জীবনের শেষ সময়গুলো লিওন তার দুই মেয়ে হ্যারিসন ও নোনার সঙ্গে কাটান।

 

সূত্র: হলিউড রিপোর্টার