দর্শকপ্রিয় অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথ। তার অভিনীত নতুন ধারাবাহিক নাটক ভাল্লাগেনা।

এ ধারাবাহিকের প্রধান দুটি চরিত্রের একটিতে অভিনয় করছেন তিনি। সম্প্রতি বৈশাখী টিভিতে প্রচার শুরু হয় ধারাবাহিকটি। প্রথম পর্বের ১৪ মিনিটের মাথায় স্ক্রিনে আসেন স্বর্ণলতা দেবনাথ। এর পর থেকেই এ নাটকে অভিনয়ের জন্য স্বর্ণলতা দেবনাথ বেশ সাড়া পেয়ে আসছেন। কোনো ধারাবাহিকের প্রধান দুটি চরিত্রের একটিতে এবারই তার প্রথম অভিনয়। যে কারণে ধারাবাহিকটি নিয়ে শুরু থেকেই ভীষণ উচ্ছ্বসিত ছিলেন তিনি। জাকির হোসেন উজ্জ্বলের রচনা ও হানিফ খানের পরিচালনায় ভাল্লাগেনা নাটকটিতে অভিনয় প্রসঙ্গে স্বর্ণলতা বলেন, ‘ভাল্লাগেনা আমার নতুন বছরের প্রচারে আসা প্রথম কোনো ধারাবাহিক নাটক। ভালোবাসার মাসেই প্রচার শুরু হলো নাটকটির। এর গল্প কিছুটা কমেডি ঘরানার। তবে সব মিলিয়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কারণ পরিচালক, সহশিল্পী থেকে শুরু করে সবাই ভীষণ আন্তরিক। প্রত্যেকের আন্তরিক অংশগ্রহণে ও সহযোগিতায় নির্মাতা নাটকটি বেশ যত্ন নিয়ে নির্মাণ করতে পেরেছেন। আমি তো অভিনয়ে আগের চেয়ে এখন অনেক বেশি সিরিয়াস। অভিনয় ছাড়া আর কোনোকিছু নিয়েই ভাবি না বা ভাবার সময়ও পাই না। যে কারণে শুটিং সেটে গেলে স্ক্রিপ্ট হাতে নিয়ে তা পড়তেই আমার ভালো লাগে। কারণ তাতে চরিত্রটিও উপলব্ধি করা যায়। মন দিয়ে অভিনয়টাও করা যায়। ভাল্লাগেনা প্রচারের শুরু থেকেই আমি আমার চরিত্রটির জন্য বেশ ভালো সাড়া পেয়ে আসছি।’ পুষ্পিতা ভিজুয়ালসের প্রযোজনায় নির্মিত ভাল্লাগেনা ধারাবাহিকটি প্রতি শনি, রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে বৈশাখী টিভিতে প্রচার হয়। এরপর তা ইউটিউবে চলে আসে।