সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী তানিয়া বৃষ্টি। নাট্যনির্মাতা সৈয়দ শাকিলের পরিচালনায় ‘টোনাটুনির সংসার’ নাটকে অভিনয় করেছেন তারা। নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দীন সুমন। নাটকটিতে মোশাররফ ও তানিয়া বৃষ্টি দুজন স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। এরই মধ্যে রাজধানীর অদূরে পূবাইলের চটের আঁগা শুটিং হাউজে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। পরিচালক সৈয়দ শাকিল জানান, ‘টোনাটুনির সংসার’ নাটকটি আগামী ঈদে চ্যানেল আইয়ে প্রচারের পর ‘বিন্দু ভিশন’ ইউটিউব চ্যানেলে প্রচার হবে। সৈয়দ শাকিলের পরিচালনায় এটা মোশাররফ করিমের দ্বিতীয় কাজ। তবে তানিয়া বৃষ্টি এর আগে সৈয়দ শাকিলের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘সম্রাট’, ‘প্রেম নগর’ ও সর্বশেষ ‘দোলনাঘর’ (খণ্ড) নাটকে অভিনয় করেছেন। তবে সৈয়দ শাকিলের পরিচালনায় প্রথম একসঙ্গে মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি টোনাটুনির সংসার নাটকেই প্রথম অভিনয় করেছেন। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘দাম্পত্য জীবনে বেশ কয়েক বছর পর এসে স্বামী খেয়াল করে দেখে যে তার কোনোকিছুই স্ত্রীর ভালো লাগে না। কাপড়, খাবার, চলাফেরা অর্থাৎ স্বামীর সবকিছুতেই স্ত্রীর অসন্তুষ্টি। কীভাবে স্ত্রীর মনে আগের মতো ভালোবাসা ফেরানো যায় এবং সে ভালোবাসা ফেরাতে গিয়ে এক নাটকীয় ঘটনা ঘটে। যথারীতি শাকিল ভাই ভীষণ যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছেন। নিঃসন্দেহে তিনি গুণী নির্মাতা। শুরু থেকেই মনে হচ্ছিল যে বৃষ্টি খুব ভালো করবে। তার এক্সপ্রেশন, কথা বলার স্বতঃস্ফুর্ততা, বডি ল্যাংগুয়েজ সবকিছুই আসলে জানান দিচ্ছিল যে, সে ভালো করবে। এখন সে ভালো করছে। চরিত্র বুঝে অভিনয়টা বেশ ভালোভাবেই করতে পারে।’
তানিয়া বৃষ্টি বলেন, ‘মোশাররফ ভাই আমার ভীষণ প্রিয় একজন অভিনেতা, সহশিল্পী। তিনি এত বিষয়ে জ্ঞান রাখেন যে শুটিং ছাড়া তার সঙ্গে আড্ডা দিতে পারলে আরো অনেক কিছু শেখা যেত। শাকিল ভাই এমন একজন নির্মাতা, তিনি জানেন তিনি কী চান। যে কারণে কাজটা খুব সহজ হয়ে যায়। টোনাটুনির সংসারের গল্পটাই চমৎকার। ভীষণ ভালো লেগেছে কাজটি করে। আশাবাদীও ভীষণ।’
সৈয়দ শাকিল জানান, এর আগে তার পরিচালনায় মোশাররফ করিম ‘মিস্টিরিয়াস জার্নি’ নামের একটি নাটকে অভিনয় করেছিলেন। শিগগিরই তাকে নিয়ে সৈয়দ শাকিল আরো বড় পরিসরে একটি কাজ করবেন।










