কিন্তু চিরচেনা এই ‘হিরো’র ইমেজ ভেঙে এবার একটু অন্যরকম চরিত্রে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন বলিউড তারকা হৃতিক রোশন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার দেয়া একটি পোস্ট এখন বলিপাড়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি শেয়ার করে হৃতিক তার মনের এক সুপ্ত ইচ্ছার কথা প্রকাশ করেন। তিনি লেখেন, ‘আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন, আমি এখন ঠিক কী ধরনের চরিত্রে অভিনয় করতে চাই। উত্তরটা যখন আমার মাথায় এল, আমি নিজেই অবাক হয়ে গেলাম! মনে আছে “‍লাক বাই চান্স” সিনেমায় আমার করা “‍জাফর” চরিত্রটির কথা? ঠিক ওই রকম একটা চরিত্রই আমি এখন করতে চাই।’

চরিত্রটির প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়ে হৃতিক কিছুটা আক্ষেপের সুরে বলেন, ‘এ ধরনের কোনো চরিত্রের প্রস্তাব পেলে আমি এক পায়ে রাজি হয়ে যাব (লুফে নেব)। কিন্তু পরিচালকরা আমাকে পর্দায় শুধু ভালো মানুষের চরিত্রেই দেখতে চায়। এটা সত্যিই দুঃখজনক।’

হৃতিকের এই পোস্টের পর বলিউডের বড় বড় নির্মাতা ও তারকা সেখানে মন্তব্য করেছেন। ‘লাক বাই চান্স’ সিনেমার পরিচালক জোয়া আখতার হৃতিককে উদ্দেশ করে লিখেছেন, ‘চলো, একদিন কফি খেতে খেতে এটা নিয়ে গল্প করা যাক।’ অন্যদিকে হৃতিকের সুপারহিট সিনেমা ‘ওয়ার’ ও ‘ফাইটার’-এর পরিচালক সিদ্ধার্থ আনন্দ লিখেছেন, ‘চলো তাহলে শুরু করে দেয়া যাক!’ অভিনেতা সঞ্জয় কাপুরও মজা করে লিখেছেন, ‘তাহলে এবার আমি তোমাকে ডিরেকশন দেব!’

এদিকে হৃতিকের এই পোস্ট দেখে ভক্তদের মনে নতুন এক কৌতূহল তৈরি হয়েছে। ‘লাক বাই চান্স’ সিনেমাটি যে প্রযোজনা প্রতিষ্ঠান বানিয়েছিল, তারাই এখন বলিউডের বহু প্রতীক্ষিত সিনেমা ‘ডন ৩’ তৈরি করছে। রণবীর সিং এই সিনেমায় থাকছেন কিনা তা নিয়ে যখন নানা গুঞ্জন চলছে, ঠিক তখনই হৃতিকের এমন পোস্ট দেখে ভক্তরা ভাবছেন, হৃতিক কি তবে ‘ডন ৩’ সিনেমার কোনো ইঙ্গিত দিলেন?

যদিও হৃতিক রোশন আগেই ‘ডন ৩’ সিনেমায় থাকার গুঞ্জন পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি এক বিবৃতিতে বলেছিলেন, ‘অনর্থক একটা গুজব ছড়ানো হচ্ছে। আমি পরিষ্কার করে বলতে চাই, “‍ডন ৩” সিনেমার জন্য আমার সঙ্গে কোনো যোগাযোগই করা হয়নি।’

বর্তমানে হৃতিক খুব বেছে বেছে কাজ করছেন। তার পুরো মনোযোগ এখন ‘কৃশ ৪’ সিনেমার দিকে। দীর্ঘ প্রতীক্ষিত এই সিনেমা হৃতিক নিজেই পরিচালনা করবেন এবং প্রধান চরিত্রে অভিনয় করবেন। বর্তমানে এ বড় প্রজেক্টটির কাজ গুছিয়ে নিচ্ছেন তিনি।

সূত্র: বলিউড হাঙ্গামা