বিশেষ করে গ্রামীণ প্রেক্ষাপটনির্ভর গল্পে তার স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত অভিনয় তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছে।
চ্যালেঞ্জিং চরিত্র বেছে নেয়ার ক্ষেত্রে সচেতন এ অভিনেতা এরই মধ্যে কাজ করেছেন একাধিক গুণী নির্মাতার সঙ্গে। বহুল আলোচিত ‘বেক্কল’ সিরিজে তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে, যা তাকে দর্শকের কাছে আরো ঘনিষ্ঠ করে তুলেছে। অভিনয়ের গভীরতা ও চরিত্রের ভেতর প্রবেশ করার দক্ষতাই তার কাজকে আলাদা মাত্রা দিচ্ছে।
সম্প্রতি তন্ময় সোহেল অভিনীত বেশ কয়েকটি নাটক দর্শকের নজর কেড়েছে। এর মধ্যে রয়েছে জিয়াউল ইসলাম রিপন নির্মিত ‘বড় ছেলের বউ’, বর্ণনাথ নির্মিত ‘কাটিং মাস্টার’, ইফতেখার ইফতি নির্মিত ‘আপেল’, আরিয়ান আলভী পরিচালিত ‘মায়ের দোয়া কোটিপতি’। একক নাটক ও ধারাবাহিক, উভয় ধারায়ই তিনি নিজস্ব অভিনয়ভঙ্গিতে দর্শককে মুগ্ধ করছেন।
প্রতিটি কাজেই ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপন করার মাধ্যমে তিনি প্রমাণ করছেন তার অভিনয় বৈচিত্র্য। গল্পনির্ভর কাজের প্রতি তার এ মনোযোগই তাকে এ প্রজন্মের সম্ভাবনাময় অভিনেতাদের কাতারে এগিয়ে রাখছে।
নিজের অভিনয়যাত্রা প্রসঙ্গে তন্ময় সোহেল জানান, তিনি সবসময় চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে আগ্রহী। বর্তমানে নিয়মিতই ভালো গল্পের প্রস্তাব পাচ্ছেন এবং সেখান থেকে বেছে নেয়ার সুযোগও তৈরি হয়েছে। তার বিশ্বাস, কঠোর পরিশ্রম ও অধ্যবসায় ছাড়া এ অঙ্গনে সফলতা অর্জন সম্ভব নয়।
অভিনয়ের এ পর্যায়ে এসেও নিজেকে ‘শেখার পথে’ বলে মনে করেন তিনি। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আরো দূর এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন সেসব সহকর্মী ও দর্শকের প্রতি, যাদের ভালোবাসা ও সমর্থনই তার এগিয়ে যাওয়ার প্রধান প্রেরণা।










