বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলি খান। অভিনয়ের পাশাপাশি তার রাজকীয় জীবনযাপন, রুচিশীলতা আর ব্যক্তিগত পরিসরের বিভিন্ন বিষয়ে প্রায়ই খবরের শিরোনাম হন। এবার আলোচনায় এসেছেন কাতারের দোহায় তার সাম্প্রতিক বিলাসবহুল বাড়ি নিয়ে। ব্যস্ত অভিনয়জীবন থেকে কিছুটা দূরে, পরিবার নিয়ে শান্ত পরিবেশে সময় কাটানোর জন্য সাইফ বেছে নিয়েছেন কাতারের দোহাকে। ঐতিহাসিক পতৌদি প্যালেস ও মুম্বাইয়ের বান্দ্রায় একটি স্টাইলিশ অ্যাপার্টমেন্টের পাশাপাশি সম্প্রতি তিনি আরো একটি জাঁকজমকপূর্ণ বাড়ি যোগ করেছেন। সেটি দোহার মর্যাদাপূর্ণ ও অভিজাত জলতীরবর্তী এলাকা থি পার্লেতে অবস্থিত ‘দ্য রেসিডেন্সেস অ্যাট দ্য সেন্ট রেজিস মার্সা আরাবিয়া আইল্যান্ড’-এ একটি বিলাসবহুল বাড়ি।

১৯ জানুয়ারি সেন্ট রেজিস রেসিডেন্সেস কাতারের ইনস্টাগ্রাম পেজে প্রকাশিত একটি ভিডিওতে সাইফ নিজেই ঘুরিয়ে দেখান তার এ নতুন ঠিকানা। ভিডিওতে তিনি জানান, বাড়িটির সবচেয়ে বড় আকর্ষণ এর শান্ত পরিবেশ, বিলাসিতা ও নির্জনতা, যা তাকে পেশাগত জীবনের শত ব্যস্ততা থেকে সাময়িক মুক্তি দেয়।

বাড়ির অন্দরভ্রমণ

ভিডিওতে দেখা যায়, আভিজাত্যে ভরপুর এ বাসভবনে ডার্ক উড ও ক্রিম রঙের আধিপত্য। ঘরের উঁচু ছাদ, নরম সারফেস লাইটিং, মার্বেল ফ্লোরিং আর পরিমিত আসবাবপত্রে পুরো ঘরকে দিয়েছে প্রশান্ত এক আবহ। দেয়ালে শোভা পাচ্ছে নির্বাচিত শিল্পকর্ম, জানালায় লিনেন পর্দা ও ব্লাইন্ডসের স্তর, আর বেডরুমে রয়েছে আরামদায়ক কার্পেটেড ফ্লোর।

লিভিং রুমে আধুনিক কাঠের কেবিনেট, কাচের সেন্টার টেবিল, ডাইনিং স্পেস ও ভিনটেজ প্রিন্টের সোফা মিলিয়ে তৈরি হয়েছে রুচিশীল এক বসার ঘর। সঙ্গে রয়েছে হাঁটার জায়গা, যা বিলাসী জীবনযাপনেরই প্রতিফলন। সাইফ আলি খান বলেন, ‘এটা শান্ত, বিলাসবহুল, আর খুবই ব্যক্তিগত আবাসস্থল।’ এটি ভারতের বাড়ির কথা মনে করিয়ে দেয় কিনা এমন প্রশ্নের জবারে অভিনেতা বলেন, ‘এটা নির্জন, আর ভাবার, বিশ্রাম নেয়া এবং ব্যস্ত জীবন থেকে দূরে এসে সময় কাটানোর জন্য দারুণ একটা জায়গা।’

বাড়িতে সাইফ আলি খানের প্রিয় স্থান

এ বাড়ির সবচেয়ে আকর্ষণীয় অংশ প্রশস্ত বারান্দা। এখান থেকেই দেখা যায় সূর্যাস্তের অপূর্ব দৃশ্য। সাইফ নিজেই জানান, সন্ধ্যায় আলো জ্বলে উঠলে এ বারান্দাই হয়ে ওঠে তার সবচেয়ে প্রিয় জায়গা। অল্প কিন্তু পরিশীলিত ফার্নিচার, নরম আলো আর সামনে দোহার আকাশ—সব মিলিয়ে এটি যেন শহরের কোলাহল থেকে দূরে এক শান্ত আশ্রয়। পতৌদি প্যালেস আর মুম্বাইয়ের বান্দ্রার বাড়ির পাশাপাশি দোহার এ বাসভবন সাইফ আলি খানের ব্যক্তিত্বের আরেকটি দিক তুলে ধরে। এখানে যেমন রাজকীয় ছোঁয়া আছে, তেমনই আছে আভিজাত্য ও সৌন্দর্য।

সূত্র: হিন্দুস্তান টাইমস