বাংলাদেশের নাট্যাঙ্গনের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাট্যনির্মাতা, জাকারিয়া সৌখিনের পরিচালনায় আগামী ভালোবাসা দিবসে অপূর্ব হাজির হচ্ছেন নতুন নাটক নিয়ে। নাটকের নাম ‘মন দুয়ারী’। এ নাটকে প্রথমবার অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন নাজনীন নাহার নীহা। তিনি এরই মধ্যে বেশকিছু ভালো গল্পের নাটকে অনবদ্য অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন।
সৌখিন জানান, আগামী ভালোবাসা দিবসে নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। নাটকটির গল্প প্রসঙ্গে সৌখিন বলেন, ‘পারিবারিক সম্পর্ক ও প্রেমের গল্পের ওপর নির্মাণ হয়েছে নাটকটি। গল্পে দেখা যাবে, অপূর্ব নিউইয়র্ক থেকে দেশে এসেছেন তার দাদিকে নিয়ে যেতে। কিন্তু পরিবারের লোকজন বাধা হয়ে দাঁড়ায়। এদিকে মিষ্টি ও দুষ্টু মেয়ে নিহার সঙ্গে অপূর্বর পরিচয় হয়। দুজন ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়ায়। আর মিষ্টি মেয়ে নিহা অপূর্বর মনের সব বন্ধ দুয়ার খুলে দেয়। তাই সে মেয়েটির নাম রাখে মন-দুয়ারী।’ নাটকটি প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘বেশ বড় আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘ ১৩ দিনে আমরা এ নাটকের শুটিং করেছি। অনেক কষ্ট করেছি, অনেক শ্রম দিয়েছি। চরিত্রের জন্য আমি আমার মাথার চুল অনেক ছোট করে ফেলেছিলাম। আমার কাছে মনে হচ্ছিল, এ নাটকের চরিত্র ফুটিয়ে তোলার জন্য আমার যা করা প্রয়োজন, করতে হবে। সৌখিনের যেমন আমার ওপর আস্থা আছে, আমারও ঠিক তাই। আমি ভীষণ আশাবাদী নাটকটি নিয়ে। নীহার মধ্যে অভিনয় শেখার আগ্রহটা প্রবল, এটাই অনেক বড় বিষয়। এ নাটকে নীহা কতটা ভালো করেছে, তা নাটকটি দেখলেই দর্শক অনুভব করতে পারবেন।’
নীহা বলেন, ‘আমরা যারা এ প্রজন্মের, তাদের প্রত্যেকেরই স্বপ্ন অপূর্ব ভাইয়ার সঙ্গে কাজ করার। আমার সে স্বপ্ন পূরণ হয়েছে। তাতে যে আমি কতটা খুশি বোঝাতে পারব না। অপূর্ব ভাইয়া, সৌখিন ভাইয়া—দুজনই আমাকে অভিনয়ের ব্যাপারে ভীষণ সহযোগিতা করেছেন। কী যে ভীষণ অপেক্ষায় আছি মন দুয়ারী প্রচারের, এটা আসলে বলে বোঝানোর মতো নয়।’ এ নাটকের শুটিং হয়েছে ঢাকার নবাবগঞ্জ ও রাজশাহীতে। নাটকে আরো অভিনয় করেছেন দিলারা জামান, আমিনুর রহমান বাচ্চু, শফিউল আলম বাবু, মিলি মুন্সী, শারমীন সুলতানা শর্মী, রাইসা প্রমুখ। নাটকে গান থাকছে দুটি। সোমেশ্বর অলীর কথায় একটি গান সুর-সংগীত করেছেন সাজিদ সরকার, গেয়েছেন মাহতিম সাকিব ও অবন্তী সিঁথি। দ্বিতীয় গানটি লিখেছেন লিমন। সুর ও কণ্ঠ নাজির মাহমুদ, সংগীত সজীব দাশ।










