সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশের সিনেমা বিদেশেও স্বীকৃতি পাচ্ছে। আসন্ন ৪৭তম আসরে দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে ‘মাস্তুল’। মূল প্রতিযোগিতা বিভাগেই থাকছে সিনেমাটি। মাস্তুল নির্মাণ করেছেন মোহাম্মদ নূরুজ্জামান। এর আগে ‘আম কাঁঠালের ছুটি’ বানিয়ে প্রশংসা পেয়েছেন এ নির্মাতা।
এ বছর মস্কো উৎসবের আসর বসতে যাচ্ছে ১৭ এপ্রিল থেকে। আট দিনব্যাপী এ উৎসবের পর্দা নামবে ২৪ এপ্রিল। উৎসবে বাংলাদেশের ‘মাস্তুল’ ছাড়াও থাকছে রাশিয়া, কোরিয়া, স্পেন, আর্জেন্টিনা ও জার্মানি, তুরস্কসহ বিভিন্ন দেশের মোট ১১টি সিনেমা।
বিশ্বের অন্যতম এ উৎসবে ‘মাস্তুল’ মূল প্রতিযোগিতা বিভাগে স্থান করে নেয়ায় উচ্ছ্বসিত নির্মাতা নূরুজ্জামান। আনন্দ প্রকাশ করে এ নির্মাতা বলেন, ‘মস্কোয় মাস্তুল মনোনীত হওয়ার বিষয়টি আগেই উৎসব কর্তৃপক্ষ ই-মেইলযোগে নিশ্চিত করেছেন। আজ যেহেতু সংবাদ সম্মেলন করে মূল প্রতিযোগিতাসহ সব বিভাগের মনোনীত সিনেমার নাম ঘোষণা করেছে উৎসব কর্তৃপক্ষ, তাই সবার সঙ্গে মাস্তুলের এ আনন্দ সংবাদ ভাগাভাগি করতে ভালো লাগছে।’
নির্মাতা জানান, উৎসব কর্তৃপক্ষ এরই মধ্যে টিম মাস্তুলকে আমন্ত্রণ জানিয়েছে। উৎসবে যোগ দিতে এপ্রিলের মাঝামাঝি সময় মস্কোয় যাওয়ার পরিকল্পনা আছে বলে জানান তিনি। মস্কোয় মাস্তুল মনোনীত হওয়ার দিন উৎসব পোস্টার শেয়ার করেছেন মোহাম্মদ নুরূজ্জামান। পোস্টারটি তৈরি করেছেন শিল্পী ধ্রুব এষ। সিনেমাটির ইংরেজি নাম ‘বিয়ন্ড দ্য মাস্ট’। এরই মধ্যে দেশে মুক্তির অনুমতি পেয়েছে মাস্তুল।










