অভিনেতা কার্তিক আরিয়ানের সুসময় চলছে। ‘ভুল ভুলাইয়া থ্রি’র পর তিনি আছেন আলোচনার কেন্দ্রে। নতুন সিনেমা নিয়েও কথা চলছে, এগোচ্ছে কাজ। এর মধ্যে এসেছে নতুন একটি খবর। করণ জোহরের সঙ্গে সিনেমা করছেন কার্তিক। এখানেই শেষ নয়, সিনেমার বাজেট প্রায় ১৫০ কোটি রুপি। ভুল ভুলাইয়ার সাফল্যের পর কার্তিককে নিয়ে এত বড় বাজেটের সিনেমা শুরু করাই যায়।

কার্তিক আরিয়ান ও করণ জোহরের মধ্যে একটা চাপা উতোর চলছিল এমন কথা গণমাধ্যমে এসেছে কয়েকবার। নতুন সিনেমার ঘোষণার মধ্য দিয়ে বোঝা গেল, বিষয়টির সমাধান হয়েছে। এদিকে বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, কার্তিকের সঙ্গে করণের বেশ দীর্ঘ সময় একটি সিনেমা নিয়ে আলাপ হচ্ছিল। অবশেষে তা চূড়ান্ত হয়েছে। তারা একসঙ্গে সিনেমা করছেন এবং সিনেমাটি পরিচালনা করবেন সামির বিদ্বান।

বলিউড হাঙ্গামা জানাচ্ছে, সামির বিদ্বান যে সিনেমা নিয়ে আলাপ তুলেছেন, তা কার্তিকের পছন্দ হয়েছে। এ নিয়ে তিনি ইতিবাচক মনোভাব রাখেন। এর আগে ‘সত্যপ্রেম কি কথা’র কাজ চলাকালে সামির এ সিনেমা নিয়ে সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে কথা বলেছিলেন। এরপর তিনি কিছুদিন আগে সিনেমাটি নিয়ে করণের সঙ্গে কথা বলেন এবং করণ সিনেমাটি প্রযোজনা করতে রাজি হন। এর মধ্য দিয়ে সত্যপ্রেম কি কথার পর কার্তিকের সঙ্গে আবারো কাজ করবেন সামির।

এছাড়া বলিউড হাঙ্গামা জানায়, সিনেমাটি একটি মডার্ন ডে লাভ স্টোরি। কিন্তু সেই সঙ্গে থাকছে অ্যাডভেঞ্চার ও অ্যাকশন। অ্যাকশন-প্যাকড লাভ স্টোরিও বলছেন কেউ কেউ। বলিউড হাঙ্গামার প্রতিবেদনের ভাষায়, এটি একটি উচ্চাভিলাষী সিনেমা, যার বাজেট ১৫০ কোটি রুপি। প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালকের পরিকল্পনা, তারা সিনেমাটি ২০২৬ সালে দর্শকের জন্য থিয়েটারে আনবেন।

ভুল ভুলাইয়া থ্রির পর এটিই হতে পারে কার্তিকের প্রথম সিনেমা। কেননা ভুল ভুলাইয়ার সাফল্যের পর তিনি সময় নিতে চেয়েছেন পরবর্তী সিনেমার জন্য। করণ প্রযোজিত সামিরের এ সিনেমাই ভুল ভুলাইয়ার সাফল্য ধরে রাখতে পারবে বলে কার্তিকের মনে হয়েছে।

সূত্র: বলিউড হাঙ্গামা