২০১৬ সালে মুক্তি পায় সানাম তেরি কসম। সিনেমাটিতে অভিনয় করেছিলেন হর্ষবর্ধন রানে ও মাওরা হোসেন। এ সিনেমার টাইটেল সং, গল্প, অভিনয় অনেকেই পছন্দ করেছিলেন। তবে বিনয় সাপ্রু ও রাধিকা রাও পরিচালিত সিনেমাটি সে সময় বক্স অফিসে খুব বেশি আয় করতে পারেনি। না পারলেও সানাম তেরি কসম নিয়ে দর্শকের মধ্যে অন্য রকম একটা অনুভূতি ছিল। তাতে ভর করেই সিনেমাটি পুনরায় মুক্তি দেয়া হলো এবং এবার অনেক হিসাবনিকাশই বদলে দিয়েছে সানাম তেরি কসম। স্যাকনিল্কের দেয়া তথ্যানুসারে, সিনেমাটি দ্বিতীয় মুক্তিতে প্রথম দুদিনে আয় করেছে সাড়ে ৯ কোটি রুপি।
সানাম তেরি কসম ২০১৬ সালে মুক্তির পর প্রথম দিনে আয় করেছিল ১ কোটি রুপির মতো। এবার সিনেমাটি প্রথম দিনেই আয় করেছে ৪ কোটি ২৫ লাখ রুপি। দ্বিতীয় দিনে ১৫ শতাংশ বেশি দর্শক পেয়ে সিনেমাটি আয় করেছে ৫ কোটি রুপির বেশি। দুদিনে সিনেমার আয় হলো ৯ কোটি ৫০ লাখ রুপির মতো। অথচ ২০১৬ সালে সিনেমাটির মোট বক্স অফিস আয় (লাইফটাইম) ছিল ৮ কোটি রুপি।
প্রশ্ন ওঠে, সানাম তেরি কসমের সাফল্যের কারণ কী? সিনেমাটি প্রথমে মুক্তির পর তেমন একটা দর্শক সাড়া পায়নি। তারা থিয়েটারে গিয়ে দেখেননি। কিন্তু ওটিটি ও টেলিভিশনে আসার পর অনেকেই দেখেছেন। সেখান থেকে জনপ্রিয়তা তৈরি হয়েছে। গান, সিনেমার কিছু দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হয়েছে আলোচনা। তার পরই রি-রিলিজ নিয়ে পরিকল্পনা।
এ রকম ঘটনা বলিউডের আরো কিছু সিনেমার ক্ষেত্রে ঘটেছে। বিশেষত তুম্বাড় নিয়ে এমন ঘটনা সবার জানা। এরপর ইমতিয়াজ আলী প্রযোজিত লায়লা-মজনুও নতুন করে মুক্তি দেয়া হয়েছিল। সিনেমাটি সফল হয়েছিল। সে তালিকায় নতুন সংযোজন সানাম তেরি কসম।
সম্প্রতি স্ক্রিনের সঙ্গে এ নিয়ে কথাও বলেছেন অভিনেতা হর্ষবর্ধন রানে। তিনি বলেন, ‘আশা করি সিনেমাটা প্রথমবারের চেয়ে ভালো করবে। আর অনুভূতি নিয়ে কী বলব? আমাকে অনেকেই বলেছিলেন সিনেমাটা যেন আবারো মুক্তির ব্যবস্থা করি। তাদের ধারণা ও বিশ্বাস ছিল প্রথমবারের তুলনায় ভালো করবে সানাম তেরি কসম। সেজন্যই কাজটা করা। নয় বছর পার হয়ে গেছে। কিন্তু দর্শক প্রতি বছর আমাকে মনে করিয়ে দিতেন। তারা বিশ্বাস রাখতে পারলে আমি কেন পারব না!’
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










