নেপালের পাহাড়ি এলাকায় শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী সুনেরাহ্ বিনতে কামাল। সোমবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে তার ও অভিনেতা আরশ খানের একটি রোমান্টিক ছবি। ছবিটি প্রকাশের পর ভক্ত ও সহকর্মীরা বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ অভিনন্দন জানিয়েছেন, কেউ শুভকামনা জানিয়েছেন, আবার কেউ লিখেছেন, ‘নাটকের দৃশ্য’। এই এক ছবি নিয়েই শুরু হয়েছে নানা গুঞ্জন।

সুনেরাহ্ বলেন, ‘আমি এখন মাইনাস ডিগ্রি তাপমাত্রায় কাঁপছি। এখানে এখন মাইনাস ডিগ্রিতে কাজ করতে হচ্ছে। মেকআপ নেয়ার সময়ও কাঁপুনি থামে না। এত শীত আগে জানলে শুটিংয়ে আসতাম কিনা, জানি না।’ শুটিংয়ের কারণে ছবিটি পোস্ট হওয়ার পর বিভিন্ন গ্রুপে দ্রুত ছড়িয়ে পড়লেও তিনি তেমন কিছু দেখার সুযোগ পাননি। তবে কঠিন আবহাওয়ার মধ্যেও কাজের আনন্দ হারাননি তিনি। কারণ পরিচালক তানিম রহমান অংশুর ওপর তার আস্থা অটুট। সুনেরাহ্ বলেন, ‘অংশু ভাইয়ার কাজের ওপর আমার ভরসা আছে। সে বিশ্বাস থেকেই এমন পরিস্থিতিতেও কাজটি উপভোগ করছি। এখানে দারুণ একটি লুকে অভিনয় করছি।’ অংশুর সঙ্গে সুনেরাহ্‌র এ আস্থা নতুন নয়। এর আগে ‘ন ডরাই’ সিনেমায় তাদের কাজ দর্শক ও সমালোচকের প্রশংসা কুড়িয়েছিল। সে সিনেমাই সুনেরাহ্‌কে এনে দিয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তাই নতুন প্রজেক্টের প্রস্তাব পেতেই তিনি দ্বিতীয়বার ভাবেননি। সুনেরাহ্ বলেন, ‘আমি জানি, আবারো একটি ভালো কাজ করতে যাচ্ছি। গল্প আছে, লোকেশনের বৈচিত্র্য আছে। দর্শক আমাকে এমনভাবে আগে কখনো দেখেননি।’ নাটক না ওটিটি, কোন মাধ্যমের কাজ তা এখনই প্রকাশ্যে আনছেন না তিনি। সুনেরাহ্ বলেন, ‘এটি একটি সারপ্রাইজ। এখনই কিছু বলতে চাই না। তবে খুব তাড়াতাড়ি কাজটি মুক্তি পাবে।