সৌদি আরবের রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের পরবর্তী আসরে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো লাইভ মিউজিকসহ প্রদর্শন হবে আইকনিক তিনটি নির্বাক চলচ্চিত্র। এ তালিকায় রয়েছে চার্লি চ্যাপলিনের বিখ্যাত ‘দ্য ইমিগ্র্যান্ট’। খবর ডেড লাইন।

লাইভ মিউজিক্যাল হিসেবে এ উৎসবে আরো প্রদর্শিত হবে বাস্টার কিটনের ‘ওয়ান উইক’ এবং লরেল ও হার্ডির ‘লিবার্টি’। তিন সিনেমার সঙ্গে সংগীত পরিবেশন করবেন যুক্তরাজ্যের সাইলেন্ট ফিল্ম মিউজিক বিশেষজ্ঞ নীল ব্র্যান্ড।

২০১৭ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল। ওই বছর ৩৫ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে দেশটিতে চালু হয় সিনেমা হয়। ফেস্টিভ্যালের ক্লাসিক বিভাগ ট্রেজারসে এবার দুটি আরব ও তিনটি আন্তর্জাতিক ফিচার ফিল্ম প্রদর্শিত হবে।

তালিকায় রয়েছে ভারতের ন্যাশনাল ফিল্ম আর্কাইভের সাম্প্রতিক ফোরকে রেস্টোরেশন ‘উমরাও জান’ (১৯৮১) এর আন্তর্জাতিক প্রিমিয়ার। এর পাশাপাশি আলফ্রেড হিচককের ১৯৪৫ সালের থ্রিলার ‘স্পেলবাউন্ড’ ও লুক বেসনের ১৯৮৮ সালের ফ্রি-ডাইভিং মহাকাব্য ‘দ্য বিগ ব্লু’ সৌদি আরবের বড়পর্দায় প্রথমবার প্রদর্শিত হতে যাচ্ছে।

আরব ক্লাসিকের মধ্যে রয়েছে মিসরীয় পরিচালক আহমেদ বদরাখানের ‘আইডা’ (১৯৪২) ও ‘সং অফ হোপ’ (১৯৩৭)। দ্বিতীয় সিনেমাটিতে অভিনয় করেছেন কিংবদন্তি মিসরীয় গায়িকা ও অভিনেত্রী উম কুলথাম।

রেড সি ফিল্ম ফাউন্ডেশনের সিইও ফয়সাল বালতিউর বলেন, ‘চলতি বছরের ট্রেজারস লাইন-আপে কালজয়ী চলচ্চিত্রগুলো প্রদর্শিত হতে যাচ্ছে। এগুলো এমন মুহূর্ত ও পারফরম্যান্স তুলে ধরছে, যা সর্বকালের শ্রেষ্ঠ কাজ হিসেবে অমর হয়ে আছে।

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের পঞ্চম সংস্করণ অনুষ্ঠিত হবে ৪-১৩ ডিসেম্বর। আগামী মাসের শুরুতেই আয়োজনের বিস্তারিত প্রকাশ হবে।