সম্প্রতি ভারতের চেতক স্ক্রিন অ্যাওয়ার্ডস ২০২৬-এর মঞ্চে তার একটি মন্তব্য ঘিরে তৈরি হয় হাস্যরসের পরিবেশ। তবে এ হাসির আড়ালেই উঠে আসে তার সাম্প্রতিক চেক মামলা, জেলজীবন ও আইনি জটিলতার প্রসঙ্গ।

তারকায় ভরা স্ক্রিন অ্যাওয়ার্ডস ২০২৬ সঞ্চালনা করেন আলিয়া ভাট, ফারাহ খান, সুনিল গ্রোভার, জাকির খান এবং সৌরভ দ্বিবেদী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিকি কৌশল, করণ জোহর, ববি দেওলসহ আরো অনেকে।

অনুষ্ঠানের এক পর্যায়ে বৈশ্বিক অর্থনীতি ও তেলের সংকট নিয়ে আলোচনা শুরু হয়। এ সময় রাজপাল যাদব প্রশ্ন তোলেন রুপি-ডলারের ওঠানামা নিয়ে। তিনি বলেন, ‘বিশ্বজুড়ে এত যুদ্ধ আর এত কিছু ঘটছে। এই রুপি-ডলারের ওঠানামা আমি কীভাবে বুঝব? আসলে কী হচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না।’

তার এ মন্তব্যের জবাবে সঞ্চালক সৌরভ দ্বিবেদী মজার ছলে বলেন, ‘ডলার-রুপি যাই হোক, আপনাকে কিন্তু ধার করা টাকা ফেরত দিতেই হবে।’ এ মন্তব্যে পুরো হলজুড়ে হাসির রোল পড়ে যায়। এমনকি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও হেসে ওঠেন। রাজপাল নিজেও হাসতে হাসতে বলেন, ‘আমার সমস্যাটাও একবার শুনুন।’

উল্লেখ্য, ২০১০ সালে নিজের পরিচালিত চলচ্চিত্র ‘আতা পাতা লাপাতা’ নির্মাণের জন্য ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব। পরবর্তী সময়ে সেই ঋণের চেক বাউন্স হওয়ায় তার বিরুদ্ধে মামলা হয়। গত ৫ ফেব্রুয়ারি তিনি আদালতে আত্মসমর্পণ করে ছয় মাসের কারাদণ্ড ভোগ শুরু করেন। এ সময় তাকে দিল্লির তিহার কারাগারে থাকতে হয়। সুদ ও জরিমানাসহ রাজপালের ঋণের পরিমাণ প্রায় ৯ কোটি রুপিতে পৌঁছায়। আত্মসমর্পণের আগে তিনি জানিয়েছিলেন, তার কাছে অর্থ নেই এবং পরিস্থিতি থেকে বের হওয়ার পথও দেখছেন না। সালমান খানসহ অনেক বলিউড তারকা তার পাশে দাঁড়ান। পরবর্তী সময়ে তিনি অন্তর্বর্তীকালীন জামিন পান।

চেতক স্ক্রিন অ্যাওয়ার্ডসে রাজপাল যাদবের এ উপস্থিতি এ কারণে বিশেষভাবে আলোচনায় আসে। একদিকে আইনি জটিলতা, অন্যদিকে মঞ্চে তার স্বভাবসুলভ হাস্যরস—দুই মিলিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রে এ অভিনেতা। রাজপাল যাদব আবারো যেন প্রমাণ করলেন—জীবনের কঠিন সময়েও হাসি ধরে রাখাই তার সবচেয়ে বড় শক্তি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস