বিনোদন দুনিয়ায় অনেক কিছু পরিবর্তন হচ্ছে। সে পরিবর্তনের সঙ্গে মিল রেখে নিজেদের কনটেন্টে কিছু সংযুক্তি দিচ্ছে ডিজনি। পিটার প্যান, ডাম্বোসহ আরো কিছু পুরনো সিনেমায় তারা নতুন করে সতর্কবাণী (কনটেন্ট ওয়ার্নিং) যুক্ত করছে। মূলত ডিইআই স্ট্র্যাটেজি পরিবর্তনের সঙ্গে মিলিয়ে তারা এ ওয়ার্নিং যুক্ত করার সিদ্ধান্ত নেয়। কিছু সিনেমা বা কনটেন্টের শুরুতে একটা ‘ডিসক্লেইমার’ অংশ থাকে। সেখানে কী লেখা হবে, তা প্রযোজনা প্রতিষ্ঠানগুলো ঠিক করে। আগে সিনেমার শুরুতে লেখা হতো, ‘এতে নেতিবাচক কথা বা মানুষ ও সংস্কৃতি নিয়ে ভুল প্রচার হতে পারে।’ তার বদলে এখন লেখা হবে, ‘কনটেন্টটি যেভাবে তৈরি হয়েছিল, তা-ই প্রচার হচ্ছে এবং এতে প্রচলিত ও নেতিবাচক ব্যাখ্যা থাকতে পারে।’ ডাম্বো ১৯৪০ সালে নির্মিত। ফলে ৪০ ও ৫০-এর দশকের মানুষ ও মানসিকতার হিসেবে এতে বর্ণবাদী বিবৃতি আছে। ২০১৯ সালে ডিজনি প্রথম এ সিনেমায় একটা ওয়ার্নিং যোগ করে। সেখানে বলা হয়েছিল, ‘এ সিনেমায় প্রাচীন ধারার সাংস্কৃতিক উপস্থাপন আছে।’

এরপর ২০২০ সালে ডিজনি আবারো তাদের কনটেন্টের সঙ্গে থাকা সতর্কবাণী বদল করে। সেখানে বলা হয়েছিল, ‘এ অনুষ্ঠানে নেতিবাচক বক্তব্য বা ব্যক্তি ও সংস্কৃতি সম্পর্কে ভুল বাণী আছে। এ প্রচলিত ধারণাগুলো সে সময়ও ভুল ছিল এবং এখনো এসব ভুল। তবে কনটেন্টটি বাতিল না করে আমরা এর নেতিবাচক প্রভাব সম্পর্কে সবাইকে সতর্ক করতে চাই। আমরা আশা করি, দর্শক এটা থেকে শিক্ষা নেবে এবং ভবিষ্যতে আরো মানুষকে একত্র করবে।’ এবার তারা আবারো প্রায় ২০১৯ সালের কথাটিতেই ফিরে গেছে। ডিজনির মানবসম্পদ বিভাগের প্রধান জানান, ডিইআই এফেক্টের জন্যই এ পদক্ষেপ নেয়া হয়েছে।

সূত্র ও ছবি: ভ্যারাইটি