বৃদ্ধাশ্রমের গল্পে নির্মিত সিনেমা ‘দায়মুক্তি’। সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা সুস্মি রহমান। এটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। আগামী ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন এর প্রযোজক জসিম উদ্দিন।
সমাজের দায়বদ্ধতায় জড়ানো পারিবারিক ও সামাজিক গল্পের চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, নির্দেশক, নাট্যকার আবুল হায়াত ও তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন আরেক একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান। বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন সামিয়া নাহি, সুচরিতা, সুব্রত প্রমুখ।
এ প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘আমি আর দিলারা ভাবি অনেক নাটকে কাজ করলেও প্রথমবার একসঙ্গে সিনেমায় অভিনয় করেছি। প্রযোজক ও পরিচালকের আগ্রহেই মূলত আমার এ সিনেমায় কাজ করা। গল্পটা ভালো লেগেছে, ভালো লেগেছে আমার চরিত্রটিও। আশা করছি, সিনেমাটি দর্শকের ভালো লাগবে।’
দিলারা জামান বলেন, ‘হায়াত ভাইয়ের সঙ্গে অনেক নাটকে কাজ করা হয়েছে। দায়মুক্তি সিনেমায় কাজ করার মধ্য দিয়ে সিনেমায়ও একসঙ্গে কাজ করা হলো আমাদের। গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছে। সিনেমায় যারা অভিনয় করেছেন, প্রত্যেকেই যার যার চরিত্রে ভালোভাবে অভিনয় করার চেষ্টা করেছেন। আমি আশাবাদী দায়মুক্তি নিয়ে। বাকিটা আসলে দর্শকের আগ্রহের ওপর নির্ভর করছে।’










