বলিউডের জনপ্রিয় জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুরের রোমান্টিক সিনেমা ‘পরম সুন্দরী’। সিনেমাটি পূর্ব নির্ধারিত ২৫ জুলাইয়ের বদলে মুক্তি পাবে আগস্টের শেষ সপ্তাহে, এমনটাই জানিয়েছে প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মস। সিনেমাটির নতুন মুক্তির সময় নিশ্চিত করা হয়েছে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত রাজকুমার রাওয়ের ‘মালিক’ সিনেমার সঙ্গে সংযুক্ত একটি টিজারের মাধ্যমে।
১১ জুলাই মুক্তিপ্রাপ্ত রাজকুমার রাও অভিনীত মালিক সিনেমার প্রিন্টের সঙ্গে যুক্ত একটি টিজারের মাধ্যমে সিনেমাটির নতুন মুক্তির সময় ঘোষণা করা হয়। টিজারে আগের ‘২৫ জুলাই’ মুক্তির তারিখের বদলে লেখা ছিল—‘আগস্টে’ মুক্তি পাবে পরম সুন্দরী। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবেই স্পষ্ট হয়েছে, চলচ্চিত্রটি জুলাইয়ের বদলে আগস্টেই প্রেক্ষাগৃহে আসছে।
একটি সূত্র জানিয়েছে, ১ আগস্ট সিনেমাটি মুক্তির কথা ভাবা হয়েছিল। তবে প্রচারণার কথা চিন্তা করে ওই দিন মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসে। এছাড়া ১৪ আগস্টেও মুক্তির সম্ভাবনা কম, কারণ ওই সময় ‘ওয়ার ২’ ও ‘কুলি’-র মতো বড় বাজেটের সিনেমা মুক্তি পাচ্ছে। দুই বড় সিনেমার মুক্তির আগে বা পরে পরম সুন্দরীর মুক্তি ঝুঁকিপূর্ণ হবে। তাই সবচেয়ে নিরাপদ মুক্তির তারিখ ২৯ আগস্টকে ধরা হচ্ছে। তবে অফিশিয়াল ঘোষণা এ বিষয়ে এখনো আসেনি, এর জন্য অপেক্ষা করতে হবে।
এদিকে মালিক সিনেমার সঙ্গে আরেকটি নতুন টিজারও প্রকাশ পেয়েছে। এটি হলো হুমা কুরেশি ও সাকিব সেলিম প্রযোজিত ‘বেবি ডু ডাই ডু’ সিনেমার টিজার। মাত্র ১ মিনিটের এ টিজারে হুমাকে একজন দেশী নারী হত্যাকারীর চরিত্রে দেখা গেছে, যাকে ‘দেশের প্রথম নারী অ্যাসাসিন’ হিসেবে উপস্থাপন করা হয়েছে। এছাড়া টিজারে শোনা যায় অভিনেতা সিকান্দার খেরের কণ্ঠস্বর। টিজারের শেষে লেখা ছিল—‘বড় গল্প, বড় পর্দায়, শিগগিরই আসছে, বেবি!’
টিজারটি আপাতত শুধু সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে। হুমা কুরেশি ও সাকিব সেলিম তাদের ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন, যারা তাদের সম্প্রচার চ্যানেলের প্রথম পাঁচ হাজার সদস্যের মধ্যে থাকবেন, তারা ডিজিটাল মুক্তির আগে এক্সক্লুসিভভাবে টিজারটি দেখতে পারবেন।
সর্বোপরি বলিউডের এ দুই নতুন সিনেমা পরম সুন্দরী ও বেবি ডু ডাই ডু অন্য রকম অভিজ্ঞতা নিয়ে দর্শকের সামনে আসছে। পরম সুন্দরী সিনেমার নতুন মুক্তির ঘোষণায় ভক্ত ও বলিউড প্রেমীদের মধ্যে এখন উৎসাহ ও অপেক্ষা দুটোই বেড়ে গেছে। সূত্র: বডিউড হাঙ্গামা










