আজ থেকে বৈশাখী টিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক। ‘সবুজ গ্রাম পাথরের শহর’ নামের নাটকটিতে থাকছেন একঝাঁক তারকা। বৈশাখী টিভি ইনহাউজ প্রডাকশনের ব্যানারে নাটকটি পরিচালনা করেছেন রুমান রুনি। নাটকের গল্প লিখেছেন বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। ইউসুফ আলী খোকনের চিত্রনাট্যে নাটকটিতে অভিনয় করেছেন দিলারা জামান, সালাউদ্দিন লাভলু, আশীষ খন্দকার, মাহমুদুল ইসলাম মিঠু, শরাফ আহমেদ জীবন, শ্যামল মাওলা, মায়মুনা মম, শামিম আহমেদ মনা, শ্যামন্তি সৌমি, একে আজাদ সেতু, শতাব্দী ওয়াদুদ, শবনম পারভীন, সূচনা শিকদার, রেশমা আহমেদসহ আরো অনেকে।

নাটকটি নিয়ে গল্পকার টিপু আলম মিলন বলেন, ‘সবুজ গ্রাম পাথরের শহর নাটক মূলত সমাজ সচেতনতার আখ্যান। একটা সময় গ্রামের মানুষ প্রকৃতির মতোই সহজ সরল ছিল, অন্যদিকে শহরের মানুষও তাদের জীবনযাত্রার মান উন্নয়নে দিন দিন নিজেদের আবেগ অনুভূতির জায়গাটা হারিয়ে ফেলেছে।’ অর্থাৎ নাটকটি এই সময়ে পরিবর্তনশীল গ্রামের কথাই বলে।

নাটকটি প্রচার হবে সপ্তাহে তিনদিন প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে। সার্বিক ব্যবস্থাপনায় আছেন বৈশাখী টিভির ডেপুটি হেড অব প্রোগ্রাম লিটু সোলায়মান।