এপ্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। অসংখ্য দর্শকপ্রিয় নাটকে কাজ করেছেন তিনি। কাজ করেছেন ওটিটিতেও। এরই মধ্যে দর্শকের মনে নিজের জায়গা করে নিয়েছেন। অন্যদিকে তানজিম সাইয়ারা তটিনী নিজের অভিনয় আর রূপ-লাবণ্য নিয়ে দর্শক মনে আলোড়ন তুলেছেন। তৌসিফ-তটিনী জুটি বেঁধে কাজ করেছেন অসংখ্য নাটকে। তাদের কাজগুলো সফলতা পেয়েছে। এবারের ঈদে খানিকটা ভিন্ন গল্পের আবহে পর্দায় হাজির হচ্ছেন তারা। দুজনকে জুটি করে হাসিব হোসাইন রাখি নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘মন দিওয়ানা’।
সিএমভির ব্যানারে সদ্য নির্মিত এ নাটকের সিনেমাটোগ্রাফিতে ছিলেন রাজু রাজ। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী। চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই।
মন দিওয়ানার গল্প প্রসঙ্গে নির্মাতার সারসংক্ষেপ এমন, রুসু বাউণ্ডুলে ও বন্ধুপ্রেমী একটা ছেলে। ভার্সিটিতে পড়লেও সারা দিন বাইকে চেপে ঘুরে বেড়ায় আর বাউণ্ডুলে জীবন কাটায়। এদিকে গল্পের নায়িকা মারজান মাত্র কলেজ লাইফ শেষ করে ভার্সিটিতে পা দেয়ার অপেক্ষায় আছে। একই ভার্সিটির সিনিয়র রুসু মারজান ক্যাম্পাসে প্রথম পা দিয়েই টের পায়, চলছে নতুনদের র্যাগিং! তার সিরিয়াল পড়ে রুসুদের গ্রুপে। মজার বিষয়, সেদিন মারজানকে র্যাগ না দিয়ে ছেড়ে দেয় রুসু। এবং মারজানকে বলে দেয়, কেউ কিছু বললে বলতে যে, ‘আমি রুসুর গার্লফ্রেন্ড’!
এভাবেই মজার ও ভয়ের একটি দৃশ্য দিয়ে শুরু হয় মন দিওয়ানার গল্প।
নির্মাতা হাসিব হোসাইন রাখির মতে, গল্পটা শুধু প্রেমের নয়, বন্ধুত্বেরও। যেখানে প্রেম ও বন্ধুত্বকে তুলে ধরা হয়েছে সমান্তরাল গতিতে, যা দেখে দর্শক ভিন্নতার স্বাদ পাবেন।










