ছোট পর্দার জনপ্রিয় মুখ তানজিম সাইয়ারা তটিনী। অল্প কয়েক বছরের ক্যারিয়ারে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায়ও রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা। নাটকপ্রেমী দর্শকদের মধ্যে তাকে নিয়ে এখন প্রায়ই দেখা যায় আলোচনা ও প্রশংসা।

সম্প্রতি নাটকের অনেক জনপ্রিয় মুখ যেমন মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর, তাসনিয়া ফারিণ, তানজিন তিশারা বড় পর্দায় নাম লিখিয়েছেন। তাই দর্শক ও অনুরাগীদের অনেকে জানতে চাচ্ছেন, কবে দেখা যাবে তটিনীকে সিনেমায়। জানা গেছে, এরই মধ্যে তার কাছে বেশ কয়েকটি সিনেমার প্রস্তাব এসেছে। তবে সবগুলোই বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন তিনি। কারণ হিসেবে জানালেন, এখনই নিজেকে বড় পর্দার জন্য প্রস্তুত মনে করছেন না। আরো কিছু সময় নিয়ে নিজেকে পরিণত অভিনেত্রী হিসেবে তৈরি করতে চান তটিনী।

এ প্রসঙ্গে তটিনী বলেন, ‘এখন মন দিয়ে নাটক করছি। আরো অভিজ্ঞতা হোক, আরো শিখি। নাটকে যে ভালোবাসা পাচ্ছি, যখন সিনেমায় আসব আমি চাই মানুষ যেন একইভাবে আমাকে ভালোবাসে।’

তিনি আরো যোগ করেন, ‘শুরু থেকেই আমি কখনো ডিরেক্টর বা সহশিল্পী দেখে কাজ বাছাই করিনি। সবার আগে আমি দেখি গল্প, স্ক্রিপ্ট আর সংলাপ। এগুলো ভালো হলে কাজটাও ভালো হয়, মানুষ সেটাই মনে রাখে।’

অভিনয়ের পাশাপাশি দর্শকদের কাছে তিনি পরিচিত তার মিষ্টি হাসি ও প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্য। এ সময়ে অনেকের মতো তটিনী একসঙ্গে অনেক নাটকে কাজ না করলেও মানসম্পন্ন কাজের ওপর জোর দিচ্ছেন তিনি। তার ভাষায়, ‘আমি কাজ কম করছি, কিন্তু কোয়ালিটি দেখে করছি। চাই যেগুলো করি, সেগুলো যেন মানসম্মত হয়। আসলে আমরা কাজ করি দর্শকদের জন্যই। তাদের ভালোবাসা আর সাপোর্টই আমাদের অনুপ্রেরণা। তাই তাদের দোয়া আর ভালোবাসা সবসময় কামনা করি।’

তটিনীর অভিনয়ের যাত্রা ছোট পর্দা থেকেই শুরু হলেও তার লক্ষ্য আরো বড়। তবে তাড়াহুড়ো নয়—নিজেকে সময় দিয়ে প্রস্তুত করে একদিন বড় পর্দায়ও দর্শকের মন জয় করতেই আসবেন তিনি, এমন প্রত্যাশা এখন তটিনীর ভক্তদের।