নতুন চমক নিয়ে হাজির হলেন শাকিব খান। ছোট-বড় বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে আছে একদল মানুষ। তাদের মাঝেই একজন দুহাতে দুই পিস্তল প্রসারিত করে নীরব ও মজবুত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। আবছা আলোয় দৃশ্যমান রাজধানী ঢাকার একটি বিশদ মানচিত্র, যেখানে উল্লেখ রয়েছে উত্তরা, আশকোনা, বাড্ডা, গাবতলী, মোহাম্মদপুর, কাফরুল, কারওয়ান বাজার, শাঁখারিবাজার ও গেন্ডারিয়া এলাকায়।

এমন দৃশ্যের মধ্য দিয়ে প্রকাশ করা হয়েছে শাকিব খানের নতুন সিনেমার নাম। সিনেমাটির নাম প্রিন্স, যার ট্যাগলাইন—‘ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। পোস্টারের সঙ্গে শেয়ার করে প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, এটি হলো শহরের নতুন অধ্যায়, যেখানে ঢাকার মানুষ আবার চিনবে তাদের আসল নায়ককে।

প্রিন্স সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যাড প্রথমবারের মতো শাকিব খানকে নিয়ে সিনেমা প্রযোজনায় নেমেছে। সিনেমার প্রযোজক শিরিন সুলতানা আর নির্মাতা হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু হায়াত মাহমুদ। নির্মাতা আবু হায়াত মাহমুদ আগে শতাধিক ফিকশন ও ডকু ফিল্ম নির্মাণ করেছেন, তবে এটি তার প্রথম প্রডাকশন সিনেমা।

নির্মাতা জানিয়েছেন, প্রিন্স সিনেমাটি গুলিস্তান থেকে গুলশান পর্যন্ত ঢাকার সব ধরনের দর্শকের জন্য তৈরি করা হয়েছে। তিনি আরো যোগ করেছেন, এটি লার্জার দ্যান লাইফ স্কেলে নির্মাণ হবে, এবং গল্পের সময়কাল নির্ধারণ করা হয়েছে ৯০-এর দশকের ঢাকায়। সিনেমায় থাকবে ক্রাইম, লাভ-অ্যাকশন, ইমোশন ও ফ্যামিলি ড্রামার সমন্বয়।

শাকিব খানের পাশাপাশি সিনেমার অন্যান্য চরিত্র ও অভিনেতাদের নাম চূড়ান্ত হয়নি। চলতি বছরের শেষের দিকে দেশের বাইরে সিনেমার শুটিং শুরু হবে আর দর্শক এটি উপভোগ করতে পারবেন আগামী ঈদুল ফিতরে।