২৯টি সিজন শেষে গতকাল থেকে দুরন্ত টিভি শুরু করেছে ৩০তম সিজন। এবার থাকছে তিনটি নতুন কার্টুন সিরিজ—ড্রামাভিত্তিক প্রি-স্কুল কার্টুন সিরিজ ‘ক্লিও অ্যান্ড কুকিন’, রোমাঞ্চকর অভিযান নিয়ে মজার কার্টুন সিরিজ ‘পোলিনোপোলিস’ ও কমেডি ধারার কার্টুন সিরিজ ‘PINY ইনস্টিটিউট অব নিউইয়র্ক’। গত সিজনে শুরু হওয়া শিশু স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ‘দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন’-এর নতুন নতুন পর্ব দেখা যাবে নতুন সিজনেও। এছাড়া প্রচার হবে দুরন্ত টিভির অন্যান্য নিয়মিত অনুষ্ঠান, কার্টুন সিরিজ ও সিনেমা।

ছয় ভাই-বোনের মধ্যে সবচেয়ে বড় ক্লিও। বয়স মাত্র আট হলেও দায়িত্ব নিয়ে সে আগলে রাখে ছোটদের। ক্লিও ও তার পাঁচ ভাই-বোনের সমস্যা সমাধানের মজার মজার গল্প নিয়েই কার্টুন সিরিজ ‘ক্লিও অ্যান্ড কুকিন’। ক্লিও অ্যান্ড কুকিন, কার্টুন সিরিজটির কণ্ঠাভিনয় নির্দেশনা দিয়েছেন শেউঁতি শাহগুফতা। দুরন্ত টিভিতে কার্টুনটি শুরু হচ্ছে ৩১ জানুয়ারি থেকে প্রতি শুক্রবার ও শনিবার, সকাল ৭টা ৩০ মিনিট ও রাত ৯টায়।

মাইলো, ইউকা ও তাদের বন্ধুরা পোলিনোপোলিসে থাকে। সেখানে প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে তারা সময় কাটায়। পোলিনোপোলিস কার্টুন সিরিজটির কণ্ঠাভিনয় নির্দেশনা দিয়েছেন মাহবুব আলম। দুরন্ত টিভিতে কার্টুনটি শুরু হচ্ছে ৩১ জানুয়ারি থেকে প্রতি শুক্রবার ও শনিবার বেলা ১টা ৩০ মিনিট ও রাত ৮টা ৩০ মিনিটে।

চৌদ্দ বছর বয়সী মিশেল একজন ডিজাইনার। খুব ছোট বেলা থেকেই ফ্যাশন ডিজাইনার হওয়া স্বপ্ন দেখে সে। একদিন শহরের নামকরা ফ্যাশন ইনস্টিটিউট ‘PINY ইনস্টিটিউট অব নিউইয়র্ক’ থেকে স্কলারশিপের প্রস্তাব পায় মিশেল। স্বপ্নকে বাস্তব করতে সে ভর্তি হয়ে যায় শহরের নামকরা ফ্যাশন ইনস্টিটিউটটিতে। কয়েকজন বন্ধুও পেয়ে যায় দ্রুত।

মিশেল ও তার বন্ধুদের মজার মজার সব ঘটনা নিয়েই PINY ইনস্টিটিউট অব নিউইয়র্ক। কার্টুন সিরিজটির কণ্ঠাভিনয় নির্দেশনা দিয়েছেন সাজ্জাদ রাজীব। দুরন্ত টিভিতে কার্টুনটি শুরু হচ্ছে ৩১ জানুয়ারি থেকে প্রতিদিন শুক্রবার ও শনিবার দুপুর ২টা ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।