এবছর দীপাবলি ভালো গেল, বলিউডে মুক্তি পেল দুটো সিনেমা। ‘ভুল ভুলাইয়া থ্রি’ ও ‘সিংহাম অ্যাগেইন’ নিয়ে বক্স অফিস চাঙ্গা করেছে ভারতের এ ইন্ডাস্ট্রি। ১ নভেম্বর মুক্তি পায় সিনেমা দুটি। সিংহাম বরাবরের মতোই পরিচালনা করেছেন রোহিত শেঠি। তবে ভুল ভুলাইয়া পরিচালনা করেছেন আনিস বাজমি। দুটো সিনেমা মোটের ওপর আয় করেছে ৫০০ কোটি রুপির বেশি।
বলিউডের জন্য এটা বেশ গুরুত্বপূর্ণ। কেননা ইন্ডাস্ট্রি গত কিছুদিন সিনেমায় ভালো ব্যবসা করতে পারছে না। এর মধ্যে দুটো সিনেমা তাদের জন্য স্বস্তি হয়ে এসেছে। এ বছর ভুল ভুলাইয়া ও সিংহামের আগে সত্যিকার অর্থে এত বেশি আয় করেনি খুব বেশি সিনেমা।
১৫ আগস্ট মুক্তি পেয়েছিল অমর কৌশিক পরিচালিত ‘স্ত্রী টু’। সিনেমাটি ২০১৬ সালে মুক্তি পাওয়া তার ‘স্ত্রী’ সিনেমার সিকুয়াল। এটি আয় করেছে প্রায় ৯০০ কোটি রুপি। এখানেই শেষ নয়। এর আগে সিনেমাটি ‘জওয়ান’-এর ওপেনিং রেকর্ড ভেঙেছিল। সেদিক থেকে বলা যায়, সিনেমাটি বলিউডের জন্য বিশেষ হয়ে উঠেছিল।
এর পরই বক্স অফিসকে সুখবর দিয়েছে সিংহাম ও ভুল ভুলাইয়া। ভুল ভুলাইয়া থ্রি মুক্তির পর এখন পর্যন্ত আয় করেছে প্রায় ৩৬৫ কোটি রুপি। সিনেমাটি নির্মিত হয়েছে ১৫০ কোটি রুপিতে। মনে করা হচ্ছে, সিনেমাটি ৪০০ কোটি রুপির মতো আয় করে থিয়েটার থেকে নামবে।
অন্যদিকে রোহিত শেঠির সিংহাম অ্যাগেইন আয় করেছে ৩৭৩ কোটি রুপির কিছু বেশি। মাল্টি স্টারার সিনেমাটিতে অভিনয় করেছেন অজয় দেবগন, অক্ষয় কুমার, কারিনা কাপুর, রণবীর সিং, দীপিকা পাডুকোন প্রমুখ। সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে ৩৫০ কোটি রুপির মতো। সে হিসাবে সিনেমাটি আসলে নির্মাণ খরচ তুলেছে এখন পর্যন্ত। কিন্তু বক্স অফিসের এ ৩৫০ কোটি রুপি আয় ইন্ডাস্ট্রির জন্য গুরুত্বপূর্ণ।
তবে সিনেমা দুটি নিয়ে দর্শক ও সমালোচকের মন্তব্য নেতিবাচক। মূলত সিকুয়াল হওয়ায় লোকে নস্টালজিয়া থেকেই দেখেছেন সিনেমা দুটি।
সূত্র: বলিউড হাঙ্গামা










