রোমান্টিক, পারিবারিক কিংবা আবেগঘন গল্পে দর্শকের প্রশংসা কুড়ানোর পর এবার তিনি হাজির হচ্ছেন একেবারেই নতুন আঙ্গিকে। ঈদ উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে নারীকেন্দ্রিক অ্যাকশন থ্রিলার নাটক গোলাপী, যেখানে ভয়ংকর ও রহস্যময় চরিত্রে দেখা যাবে এ অভিনেত্রীকে।

প্রেম অথবা বিরহের গল্প দর্শক অনেক দেখেছেন। তবে এবারের গল্পটি সেই চেনা ছকের বাইরে। বাংলাদেশী টিভি নাটকে নারীপ্রধান গ্যাংস্টার ঘরানার গল্প খুব কমই নির্মিত হয়েছে। সেই জায়গা থেকেই আলাদা করে নজর কাড়ছে গোলাপী। নাম থেকেই বোঝা যায়, কেন্দ্রীয় চরিত্রের নাম গোলাপী। আর এ দুর্ধর্ষ চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। নাটকে তাকে একাধারে দুটি ভিন্ন রূপে দেখা যাবে, যা গল্পে যোগ করেছে বাড়তি সাসপেন্স ও চমক।

নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তৌসিফ মাহবুব। চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। নির্মাণ করেছেন হিট নির্মাতা রুবেল হাসান। সিনেমাটোগ্রাফিতে আছেন রাজু রাজ।

সিএমভি ব্যানারে নির্মিত নাটকটি বর্তমানে সম্পাদনার কাজ শেষ পর্যায়ে। ঈদ উৎসবেই এটি মুক্তি পাবে বলে জানা গেছে। নির্মাতা রুবেল হাসান বলেন, ‘‌গোলাপী চরিত্রটি যেকোনো অভিনেত্রীর জন্য বড় চ্যালেঞ্জ। তানজিন তিশা সেই চ্যালেঞ্জ সফলভাবে উতরে গেছেন এবং চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলেছেন।’

নির্মাতার মতে, নাটকে বস্তির চালচিত্র, পকেটমার চক্র, গ্যাংস্টারদের অভ্যন্তরীণ রাজনীতি এবং পুলিশি অভিযান—সবকিছুই উঠে এসেছে বাস্তবধর্মীভাবে। রয়েছে অ্যাকশন, থ্রিল, রহস্য আর সূক্ষ্ম রোমান্স। সব মিলিয়ে এটি হতে যাচ্ছে আসন্ন ঈদের অন্যতম আলোচিত নাটক।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পুর মতে, গোলাপী নির্মাণে সিনেমার আবহ তৈরি করা হয়েছে, যাতে দর্শক বড় পর্দার অনুভূতি পান। ঈদ উৎসবে সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত করা হবে বলে জানা গেছে।