জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার চুয়াডাঙ্গা জেলার ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ প্রাচীন জনপদে শুটিং করা হয়েছে। অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী নাটুদা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে, যা ব্রিটিশ আমলে নির্মিত শতাধিক বছরের পুরনো ‘হাজারদুয়ারি’ নামে খ্যাত।
পর্বটিতে চুয়াডাঙ্গার ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য, শিল্প, পুরাকীর্তি এবং জনজীবনের নানা রঙিন অধ্যায় তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানটির শুরুতে স্থানীয় ইতিহাস ও কৃষ্টি প্রতিফলিত একটি পরিচিতিমূলক গান ও নৃত্য পরিবেশন করা হয়। গানটির সুর দিয়েছেন নির্মাতা হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী। কোরিওগ্রাফি করেছেন এসকে জাহিদ, কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা।
শুটিংয়ে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সন্তান, লোকসংগীতশিল্পী বিউটি এবং জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাই। তারা দুটি বিশেষ গান পরিবেশন করেছেন। গানের কথা লিখেছেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, সুর ও সংগীতায়োজন করেছেন মেহেদী।
শুটিং উপলক্ষে চুয়াডাঙ্গা শহর উৎসবমুখর পরিবেশে ভরে ওঠে। অনুষ্ঠানস্থলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ অতিথিদের আমন্ত্রণ জানানো হয়। দুপুর থেকেই দর্শক অনুষ্ঠানস্থলে আসতে শুরু করে এবং নির্ধারিত সময়ে প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অনুষ্ঠান কেন্দ্র করে বসানো হয় একটি জমজমাট মেলা, যেখানে স্থানীয় দোকানিরা নানা পণ্য ও পসরা সাজিয়ে দর্শকের জন্য আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেন।
পর্বে উপস্থিত জনপ্রিয় শিল্পীদের মধ্যে রয়েছেন সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, জিল্লুর রহমান, মুকিত জাকারিয়া, আশরাফুল আলম সোহাগ, সুর্বণা মজুমদার, হানিফ পালোয়ান, বেলাল আহমেদ মুরাদ, জাহিদ চৌধুরী, সাবরিনা নিসা, নজরুল ইসলামসহ আরো অনেকে। শুটিং শেষে দর্শক অনুষ্ঠানটির ধারাবাহিকতা নিয়ে উচ্ছ্বসিত হয়েছিলেন।
‘ইত্যাদি’র এ বিশেষ পর্বটি সম্প্রচারিত হবে আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ৮টায় বাংলা সংবাদের পর বিটিভিতে।










