এক সাক্ষাৎকারে টিমোথি শ্যালামের মন্তবের জেরে এ অভিনেত্রী স্পষ্ট ভাষায় বলেছেন, ‘১০ বছরের মধ্যে এআই টিমোথি শ্যালামের অভিনয়ের কাজ করতে পারবে, কিন্তু মঞ্চে একজন মানুষের লাইভ নৃত্য বা পারফরম্যান্সকে কখনই প্রতিস্থাপন করতে পারবে না।’ নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এভাবেই প্রতিক্রিয়া জানান তিনি।
থেরন বলেন, ‘নাচ সম্ভবত আমার জীবনে করা সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। নৃত্যশিল্পীরা সত্যিকারের সুপারহিরো। তারা নীরবে তাদের শরীরের ওপর যে চাপ নেয়, তা অবিশ্বাস্য এবং করা কঠিনও। এ শিল্পগুলোকে আমাদের সবসময় তুলে ধরতে হবে, কারণ এগুলো টিকে থাকার জন্য লড়াই করছে।’
এর আগে ‘সিএনএন ও ভ্যারাইট টাউন হল’ অনুষ্ঠানে শ্যালামে বলেছিলেন, ‘আমি চাই না সিনেমা হল এমন অবস্থায় যাক, যেখানে মানুষকে বারবার বলতে হয়—এটা বাঁচিয়ে রাখুন। যদি মানুষ ভালো সিনেমা হলে গিয়ে দেখতে চায়, তাহলে তারা নিজেরাই যাবে এবং সেটাকে বড় করে তুলবে।’ একই বক্তব্যে তিনি মন্তব্য করেন, ‘আমি এমন কোনো শিল্পে কাজ করতে চাই না, যেখানে বারবার বলতে হয় “এটা টিকিয়ে রাখুন”। যেমন ব্যালে বা অপেরার বিষয়ে তা বলা হচ্ছে। বাস্তবে ব্যালে বা অপেরার মতো মাধ্যম নিয়ে কেউ আর আগ্রহী নয়।’
এ মন্তব্য নিয়েই থেরন তীব্র আপত্তি তোলেন। তিনি বলেন, ‘ওটা খুবই দায়িত্বহীন মন্তব্য। ব্যালে ও অপেরা এ দুই শিল্পকে ছোট করে দেখা উচিত নয়।’ নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘নাচ আমাকে শৃঙ্খলা, কাঠামো আর কঠোর পরিশ্রম শিখিয়েছে। এটা প্রায় সময় শারীরিকভাবে কঠিন ও কষ্টকর। এমনও হয়েছে পায়ের ফোসকা থেকে সংক্রমণ হয়েছে, জুতার ভেতর দিয়ে রক্ত বের হয়েছে, তবু কাজ থামানো যায় না।’
থেরন আরো বলেন, ‘আমরা অন্য শিল্পকে ছোট করে কথা বলতে পারি না। প্রতিটি শিল্পের নিজস্ব সংগ্রাম আছে, আর সেটাকে সম্মান করতে হবে।’
এ পাল্টাপাল্টি মন্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে আধুনিক বিনোদনজগতে এআইয়ের ভূমিকা, দর্শকের পছন্দ ও ঐতিহ্যবাহী পারফর্মিং আর্টসের ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে। একদিকে শ্যালামে যেখানে দর্শকের আগ্রহকেই চূড়ান্ত মানদণ্ড হিসেবে দেখছেন, অন্যদিকে থেরন শিল্পের শারীরিক শ্রম, ঐতিহ্য ও মানবিক অভিজ্ঞতার গুরুত্বকে সামনে আনছেন।
সূত্র: ভ্যারাইটি










