পাকিস্তানের বিখ্যাত ও জনপ্রিয় ব্যান্ড জুনুন। সে দলেরই গায়ক আলী আজমত। এবার তিনি পারফর্ম করবেন ঢাকায়।
দশকের পর দশক ধরে জুনুন শুধু একটি ব্যান্ড নয়, এটি ছিল একটি বিপ্লব। সুফি ও রকের অনন্য সংমিশ্রণে তারা তৈরি করেছে এমন সব গান, যা কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। সাইয়োনি থেকে গরজ বরস, তাদের গানগুলো শুধু সংগীত নয়, একটি প্রজন্মের পরিচয়।
জুনুনের সংগীত সীমান্ত অতিক্রম করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে, বাংলাদেশের শ্রোতাদের সঙ্গে তাদের সম্পর্ক সবসময়ই ছিল বিশেষ। এখানকার সংগীতপ্রেমীদের উন্মাদনা, ভালোবাসা ও উৎসাহ বরাবরই জুনুনকে মুগ্ধ করেছে।
শেষবার তারা বাংলাদেশে পারফর্ম করেছিল ২০১৯ সালের ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টে। ১৬ নভেম্বর, বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে তাদের দুর্দান্ত পারফরম্যান্স আজও ভক্তদের মনে গেঁথে আছে। আলী আজমতের কণ্ঠ, গিটার রিফ আর হাজারো ভক্তের গর্জন মিলে সেদিন যেন এক ঐতিহাসিক রাত তৈরি হয়েছিল।
এবার ছয় বছর পর সে উন্মাদনা আবার ফিরছে! আয়োজিত হচ্ছে আলী আজমত লাইভ ইন ঢাকা। ২ মে ঢাকার মঞ্চে গাইবেন তিনি।
বোঝাই যাচ্ছে ঢাকার মঞ্চে আবারো আসছে রকের ঝড়! ২ মে ২০২৫, ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে আলী আজমত লাইভ ইন ঢাকা।










