নুহাশ হুমায়ূনের পরিচালনায় এসেছিল হরর অ্যান্থোলজি ‘ষ’। এর দুটি সিরিজ স্ট্রিম হয়েছে ওটিটি প্লাটফর্ম চরকিতে। প্রথম সিজন ‘পেট কাটা ষ’ ও দ্বিতীয় সিজন ‘২ষ’। দুই সিজন মিলিয়ে একে ‘ষ-ইউনিভার্স’ও বলা হচ্ছে। দেশে-বিদেশে জনপ্রিয় হয়েছিল ‘ষ’। এবার এই সিরিজের অনুপ্রেরণায় তৈরি হলো কমিক বুক। ‘ষঙ্কার কমিকস’ নামে এ কমিকটির ইবুক সংস্করণ প্রকাশ হয়েছে। প্রকাশ করেছে চরকি ও ঢাকা কমিকস।
২০২৪ সালের ডিসেম্বরে ‘২ষ’ মুক্তির সময় সিরজটি নিয়ে নির্মাতা নুহাশ হুমায়ূন জানিয়েছিলেন, লোককাহিনী ও কুসংস্কারের বাইরে গিয়ে ‘২ষ’ আধুনিক সময়ে মানুষের তৈরি ভয়াবহতা নিয়ে কিছু প্রশ্ন রেখেছে। ‘ষ’র জনপ্রিয় সিরিজ হওয়ায় এর গল্পের ধারণার সঙ্গে মিল রেখে প্রকাশ করা হয়েছে ‘ষঙ্কার কমিকস’।
ঢাকা কমিকসের ওয়েবসাইটে ৩১ অক্টোবর উন্মুক্ত হয়েছে কমিক বুকটি, যা সরাসরি বিনামূল্যে পড়া যাবে। কেনা বা ডাউনলোড করার প্রয়োজন নেই। ঢাকা কমিকসের সম্পাদক, কার্টুনিস্ট মেহেদী হক বলেন, ‘আমাদের “ষঙ্কার কমিকস”টা যেহেতু ওপেন পার্টিসিপেশন ছিল, তাই এটা আরো বেশি পরিসরে ছড়িয়েছে। সারা দেশ থেকে একশর মতো লেখা ও আঁকা জমা পড়েছে। সেখান থেকে ১২টি গল্প ও আঁকা রয়েছে “ষঙ্কার কমিকস”-এ।’
কমিক ইবুকটিতে আছে তাহমিদুল ইসলাম আলিফের গল্প ও লেখায় ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক’, তুবা ও দীবার ‘অপত্য’, অনীক আবদুল্লাহ আমানের ‘দেওয়নশী’, অরিন্দম কুণ্ডুর ‘মৎস্য’, মনিফের গল্পে হাসনাহেনার আঁকা ‘আসওয়াঙ্গ’, নূর এ তাহিরের গল্পে জয়দুতি সরকারের আঁকায় ‘দুঃস্বপ্ন’, নিলের লেখা ও আঁকায় ‘মায়া’, সাবিত আল আবসারের ‘প্রিয় রং’, সারা সাইয়ারার ‘ভুল প্রতিচ্ছবি’, স্বাগতা দাশের ‘ব্রহ্মনিবাস’, তকী মো. ফয়সালের লেখা ও সাইয়িদ মাহমুদ তাহসিনের অঙ্কনে ‘বগা’ ও মার্যিউর রহমান চৌধুরীর লেখা ও উম্মে খায়ের ঈদির আঁকায় ‘ভূতের উজ্বালেরা’।










