হলিউডের অন্যতম প্রশংসিত ও বিখ্যাত অভিনেত্রী জুলিয়া রবার্টস। তার নতুন সিনেমা ‘আফটার দ্য হান্ট’। সিনেমাটি সম্প্রতি ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। লুকা গুয়াদানিনোর পরিচালনায় এ ড্রামা ঘরানার চলচ্চিত্রটিকে ভেনিসের দর্শক সম্মান প্রদর্শন করেছেন। প্রায় ৬ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন (দাঁড়িয়ে সম্মান জানানো) পায় সিনেমাটি। এ সময় আবেগাপ্লুত হন জুলিয়া। তাকে চোখের পানি মুছতে দেখা যায়। এরপর তিনি দর্শকের উদ্দেশে চুমু ছুড়ে দেন। পরিচালক, সহ-অভিনেতা আয়ো এদেবিরি ও অ্যান্ড্রু গারফিল্ডকে জড়িয়ে ধরেন।
গুয়াদানিনো ও রবার্টস উভয়েই গ্যালারিতে প্রবেশের আগে লাল গালিচায় ভক্তদের অটোগ্রাফ দেন এবং দর্শককে জুলিয়া ও লুকা বলে চিৎকার করে সম্বোধনের আন্তরিকভাবে জবাব দেন। অ্যান্ড্রু গারফিল্ড ভক্তদের সঙ্গে সেলফি তোলেন।
আফটার দ্য হান্ট সিনেমায় আলমা ওলসন নামের চরিত্রে অভিনয় করেছেন রবার্টস। তার চরিত্রটি একজন অধ্যাপকের। সিনেমার গল্পে দেখা যায়, তিনি তার ছাত্রের সঙ্গে সম্পর্কের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। অ্যান্ড্রু গারফিল্ড অভিনয় করেছেন হেনরিক হ্যাঙ্ক গিবসন চরিত্রে। তিনি রবার্টসের সহকর্মী। ‘দ্য বিয়ার’খ্যাত আয়ো এদেবিরি অভিনয় করেছেন ম্যাগি প্রাইস চরিত্রে।
সিনেমাটি খোলা আকাশের নিচে প্রদর্শন করা হয়। এরপর এ নিয়ে তৈরি হয় বিতর্ক। শুক্রবার একটি সংবাদ সম্মেলনে চলচ্চিত্রটির সঙ্গে মি টু আন্দোলনের সম্পর্ক ও ‘ক্যানসেল কালচার’-কে ঘিরে প্রশ্ন তোলা হয়। রবার্টস তার এ কাজকে সমর্থন করে বলেন যে আফটার দ্য হান্ট বিতর্ক সৃষ্টি করতে চায় না এবং দুঃখ প্রকাশ করেন যে সমাজ আজ ‘মানবিক আলোচনার শিল্প হারিয়ে ফেলছে।’
তিনি বলেন, ‘আমরা কোনো বার্তা দিচ্ছি না। আমরা এ সময়ে মানুষকে উপস্থাপন করছি। আমি জানি না এটা বিতর্ক সৃষ্টি করছে কিনা, কিন্তু আমরা মানুষকে আলোচনা করতে উৎসাহিত করছি। আপনি এতে উত্তেজিত বা ক্ষুব্ধ হতে পারেন, সেটা আপনার ব্যাপার। যদি এ সিনেমা মানুষকে একে অন্যের সঙ্গে কথা বলাতে পারে, তবে এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।’
সিনেমাটিতে আরো অভিনয় করেছেন গুয়াদানিনোর নিয়মিত অভিনেতারা। এর মধ্যে আছেন মাইকেল স্টুহলবার্গ ও ক্লো সেভিনি। সিনেমার চিত্রনাট্য লিখেছেন নোরা গ্যারেট। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। প্রযোজক হিসেবে ছিলেন গুয়াদানিনো, ব্রায়ান গ্রেজার, জেব ব্রোডি ও অ্যালান ম্যান্ডেলবাম। নির্বাহী প্রযোজকদের মধ্যে রয়েছেন গ্যারেট, কারেন লান্ডার, জাস্টিন উইলকস ও অ্যালিস ডসন। ‘আফটার দ্য হান্ট’ নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসে ১০ অক্টোবর ও বিশ্বব্যাপী ১৭ অক্টোবর মুক্তি পাবে।
গুয়াদানিনো ঠিক এক বছর আগেই ভেনিস চলচ্চিত্র উৎসবে কুইয়ার নামক সিনেমা নিয়ে এসেছিলেন। এটি ছিল উইলিয়াম এস বারোজের উপন্যাস অবলম্বনে নির্মিত। এতে যেখানে অভিনয় করেছিলেন ড্যানিয়েল ক্রেইগ ও ড্রু স্টার্কি। সে সিনেমা ৯ মিনিটের করতালির সম্মান পেয়েছিল।
সূত্র: ভ্যারাইটি










