হলিউডের খ্যাতিমান অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক রব রাইনার। ১৪ ডিসেম্বর লস অ্যাঞ্জেলেসের বাড়িতে তার মরদেহ পাওয়া যায়। পাশেই ছিলেন তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনার। দুজনের গায়েই ছুরিকাঘাত শনাক্ত হয়েছে। এ হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত হয়েছেন রব ও মিশেল দম্পতির পুত্র নিক রাইনারকে। গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলেস পুলিশ এ কথা জানায়।
৩২ বছর বয়সী নিক রাইনার বর্তমানে আটক রয়েছেন। তার বিরুদ্ধে জামিন অযোগ্য আটকাদেশ রয়েছে। গত রোববার সন্ধ্যায় তাকে হেফাজতে নেয়া হয়। এর কয়েক ঘণ্টা আগেই তার বোন রোমি রাইনার লস অ্যাঞ্জেলেসের রাইনার দম্পতির বাড়িতে তাদের মরদেহ খুঁজে পান।
লস অ্যাঞ্জেলেস কাউন্টির জেলা অ্যাটর্নি নাথান হকম্যান অভিযোগ ঘোষণার সময় এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ‘রব রাইনার ছিলেন তার প্রজন্মের অন্যতম সেরা চলচ্চিত্র নির্মাতা। তার ও ৩৫ বছরের বেশি সময়ের স্ত্রী মিশেল সিঙ্গার রাইনারের হত্যাকাণ্ড অত্যন্ত মর্মান্তিক ও হতবাক করা। যে জীবনগুলো নেয়া হয়েছে, তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করা আমাদের দায়িত্ব।’
হকম্যান আরো বলেন, ‘পারিবারিক সহিংসতাসংক্রান্ত মামলা পরিচালনা করা আমাদের জন্য সবচেয়ে কঠিন ও হৃদয়বিদারক। কারণ এসব অপরাধের প্রকৃতি অত্যন্ত ঘনিষ্ঠ ও প্রায়ই নৃশংস।’
জেলা অ্যাটর্নির দপ্তর নিক রাইনারের বিরুদ্ধে একাধিক হত্যার বিশেষ পরিস্থিতি উল্লেখ করে ‘প্রথম-ডিগ্রি হত্যা’র দুটি অভিযোগ এনেছে। পাশাপাশি বিপজ্জনক অস্ত্র একটি ছুরি ব্যবহারের বিশেষ অভিযোগও যুক্ত করা হয়েছে।
লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, হত্যাকাণ্ডের আগের সন্ধ্যায় অভিনেতা কোনান ও’ব্রায়েনের বাড়িতে এক ক্রিসমাস পার্টিতে রব ও নিক রাইনারকে তর্ক করতে শোনা যায়। পরিবারের এক বন্ধু পত্রিকাটিকে বলেন, ‘তারা ব্রেন্টউডে পারিবারিক বাড়িতেই থাকছিলেন। নিকের মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা অনেক আগে থেকেই ছিল। সম্প্রতি মিশেল রাইনার তার মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ছিলেন।’
কোনানের পার্টিতে বাবার সঙ্গে নিকের ঝগড়া হয়। সেখানে নিক উচ্চৈঃস্বরে বাবার সঙ্গে তর্ক করেছিলেন। রব তাকে বলেছিলেন যে নিকের উচিত আচার ব্যবহারে সংযত হওয়া। পরের দিনই হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে নিকই সন্দেহের তালিকায় ওপরের দিকে থাকেন।
নিক রাইনারের মঙ্গলবার আদালতে হাজির হওয়ার কথা ছিল না। তার আইনজীবী অ্যালান জ্যাকসন সাংবাদিকদের জানান, তার মক্কেল এখনো চিকিৎসাগত ছাড়পত্র পাননি এবং বুধবারের আগে আদালতে উপস্থিত হবেন না।
এ অপরাধ হলিউডে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং বহু শ্রদ্ধাঞ্জলি এসেছে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘রাইনার দম্পতি মহৎ উদ্দেশ্য নিয়ে জীবনযাপন করেছেন।’
ওবামা এক বিবৃতিতে বলেন, ‘চলচ্চিত্র ও টেলিভিশনে রবের অর্জন আমাদের পর্দায় কিছু অতি প্রিয় গল্প উপহার দিয়েছে। কিন্তু তার সব কাজের গভীরে ছিল মানুষের মঙ্গলের প্রতি গভীর বিশ্বাস এবং এ বিশ্বাসকে কাজে পরিণত করার আজীবন অঙ্গীকার।’
সূত্র: দ্য গার্ডিয়ান










