ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়া নাটকের মধ্যে ইউটিউবে ট্রেন্ডিংয়ে এখন শীর্ষে রয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তোমাদের গল্প’। এতে যৌথ পরিবারের মাঝে বন্ধন অটুট থাকার গল্প বলা হয়েছে। দেড় ঘণ্টা দৈর্ঘ্যের এ নাটকের বেশির ভাগ দৃশ্য দর্শককে আবেগপ্রবণ করেছে। ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে ঈদের দিন বিকাল ৪টায় এসেছে নাটকটি। চারদিনে এটি দেখা হয়েছে ৫০ লাখ বারের বেশি। এতে মন্তব্য পড়েছে ২০ হাজারের বেশি।

তোমাদের গল্প নাটকের চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। শহুরে এক তরুণের গ্রামে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে যাওয়ার ঘটনা নিয়েই এর গল্প। ছেলেটির নাম রাতুল। তার চরিত্রে ফারহান আহমেদ জোভানের অভিনয়ে মুগ্ধ দর্শক। রাতুলের চাচাতো বোন তুলির সঙ্গে তার দুষ্টু-মিষ্টি রসায়ন গড়ে ওঠে। তুলি চরিত্রে তানজিম সাইয়ারা তটিনীর প্রতি ভালো লাগার কথা জানিয়েছেন ভক্তরা। নাটকটিতে আরো অভিনয় করেছেন দিলারা জামান, সাবেরি আলম, মনিরা আক্তার মিঠু, শিল্পী সরকার অপু, নাদের চৌধুরী, বড়দা মিঠু, এমএনইউ রাজু, সমু চৌধুরী ও শিশুশিল্পী আয়াত।

দেশ-বিদেশের অসংখ্য দর্শক ও প্রবাসী ইউটিউবে মন্তব্যের ঘরে নাটকটি নিয়ে নিজেদের ভালো লাগার অনুভূতি জানিয়েছেন। তাদের বিশেষণে এটি ‘এককথায় অসাধারণ’, ‘পুরস্কার পাওয়ার মতো’, ‘শ্রেষ্ঠ নাটক’। এমন দারুণ একটি নাটক নির্মাণের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন হাবিবুর রহমান নিরব নামের দর্শকসহ অনেকে।

পশ্চিমবঙ্গ থেকে একজন ভারতীয় দর্শক লিখেছেন, ‘এত সুন্দর একটি গল্প। চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে যাচ্ছে। খুব সুন্দর। এমন নাটক আমরা আরো দেখতে চাই।’

মাসুদ আলম নামের একজন কলকাতার মালদা জেলা থেকে নাটকটি দেখে লিখেছেন, ‘এ রকম পারিবারিক ঈদ নাটক একটাও দেখিনি। অসম্ভব সুন্দর হয়েছে। শেষ দৃশ্যে চোখে জল চলে এসেছে।’

মো. আলমগীর ইসলাম নামের একজন লিখেছেন, ‘হুমায়ূন আহমেদের ‘‘নক্ষত্রের রাত’’ নাটকের পর এটাই আমার জীবনে দেখা শ্রেষ্ঠ নাটক। অনেক কান্না করেছি। জীবনের সঙ্গে অনেক মিল আছে। মন ছুঁয়ে গেল।’