প্রতি ঈদেই হানিফ সংকেত হাজির হন একাধিক কনটেন্ট নিয়ে। ইত্যাদির পাশাপাশি নির্মাণ করেন তিনি ঈদের নাটকও। হানিফ সংকেতের এবারের ঈদের নাটকের নাম ‘ঘরের কথা ঘরেই থাক’। হানিফ সংকেতের ঈদ নাটকের নামে যেমন ভিন্নতা থাকে, গল্পেও থাকে আলাদা স্বাদ ও বৈচিত্র্য। পাশাপাশি থাকে একটি সামাজিক বক্তব্য। এবারো তেমনই একটি নাটক নিয়ে হাজির হচ্ছেন তিনি।

শাহেদ ও সুমী স্বামী-স্ত্রী, তাদের পরিবারে প্রায় প্রতিদিনই দাম্পত্য কলহ লেগেই থাকে। প্রতিদিন তাদের চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশীরা অতিষ্ঠ। শাহেদ কিছুটা শান্ত প্রকৃতির। বন্ধু-বান্ধবদের সঙ্গে সে এ সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা করে। বন্ধুরা তার স্ত্রীর রাগ কমানোর জন্য বিভিন্ন পরামর্শ দিতে থাকে। বন্ধুদের পরামর্শ অনুযায়ী কাজ করতে গিয়ে সমস্যা আরো বাড়ে। তারপর ঘটনাচক্রে আসে এক মাস্তান। দ্রুত পরিস্থিতি পাল্টাতে থাকে। এসব নিয়েই গড়ে উঠেছে ঘরের কথা ঘরেই থাক নাটকের কাহিনী।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সামিরা খান মাহি, সালাহউদ্দিন লাভলু, আব্দুল্লাহ রানা, সাইদুর রহমান পাভেল, সুভাশিষ ভৌমিক, আঞ্জুমান আরা শিরিন প্রমুখ।