বলিউড সুপারস্টার সালমান খান অভিনয়ের পাশাপাশি মাঝে মধ্যে গানও করে থাকেন। আর সে কথা সালমানভক্তদের মোটামুটি সবারই জানা। সালমানের নতুন ছবি দাবাং থ্রি আর কিছুদিন পর মুক্তি পাবে। এ ছবির গানগুলোর বিষয়ে তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। সম্প্রতি ছবির সুরকার সাজিদ আলী খান তার জন্মদিনের অনুষ্ঠানে সংবাদ মাধ্যমকে এ তথ্য দিয়েছেন।
বলিউড পাড়ার পরিচিত সুরকার জুটি সাজিদ-ওয়াজিদ। সালমান খানের সঙ্গে এ জুটি বেশকিছু ছবিতে কাজ করেছেন। সম্প্রতি তারা সালমান খানের দাবাং থ্রি নিয়ে আবার হাজির হয়েছেন। এ বিষয়ে সাজিদ খান বলেন, ‘সালমান
খান সত্যিই একজন প্রতিভাবান ও সংগীত সমঝদার ব্যক্তি। কোন পরিস্থিতির সঙ্গে কোন গান যাবে, এসব বিষয়ে সালমানের খুব ভালো ধারণা আছে। এর আগে অনেক ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছি। ৫৩ বছর বয়সী এ অভিনেতা আমাদের চলচ্চিত্রগুলোর গানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে থাকেন। দাবাং থ্রির ক্ষেত্রেও তা-ই হয়েছে।’
দাবাং থ্রি ছবির গানগুলোর সুর করেছেন সাজিদ আলী খান; সঙ্গে সহ-সুরকার হিসেবে ছিলেন তার ভাই ওয়াজিদ আলী খান। ছবির গানগুলো প্রচারে তারা এবার একটি নতুন কৌশল অবলম্বন করেছেন। গানের ভিডিও সংস্করণের পরিবর্তে এবার তারা প্রথমে ইউটিউবে অডিও সংস্করণ ছাড়ার সিদ্ধান্ত নেন এবং সে অনুযায়ী তারা আগে অডিও গান ছেড়ে দেন। কৌশলটি সালমান খানই বাতলে দিয়েছিলেন বলে জানিয়েছেন এ সুরকার। সাজিদ বলেন, ‘এ
কৌশল কাজে দেবে কিনা, গানগুলো ফ্লপ হয়ে যাবে কিনা, ভালো সাড়া পাব কিনা, এসব নিয়ে দলের সবাই চিন্তায় ছিলাম। সে সময় সালমান ভাই এসে একটি হাসি দিয়ে বলেন, এটি সত্যিই কাজে দেবে। আমারও ধারণা ছিল, ছবির গানগুলো প্রচারে এটা সত্যিই ভালো কৌশল হিসেবে কাজ করবে এবং সেটাই হয়েছে।’ তবে দুদিন আগে দাবাং থ্রি ছবির ভিডিও গানও ইউটিউবে মুক্তি পেয়েছে।
অন্যদিকে এ ছবির মাধ্যমে প্লেব্যাক জগতে পা রাখলেন সাজিদের মেয়ে মুসকান। ছবিতে তিনি সালমানের সঙ্গে আওয়ারা গানটি গেয়েছেন। মেয়ের প্লেব্যাকে অভিষেক বিষয়ে সাজিদ বলেন, ‘এ
বছর এটা আমার জন্য সত্যিই খুব বড় একটা উপহার। মুসকান একই সঙ্গে আমার শিক্ষার্থী এবং মেয়ে। সে তার পরিশ্রম দিয়ে সংগীত জগতে পা রাখল। মানুষের কাজটাই হলো গুরুত্বপূর্ণ, তাই আমি তাকে কাজে মন দিতে বলেছি।’
দাবাং থ্রি ছবির পরিচালক প্রভুদেবা। চলচ্চিত্রটি সালমান এবং আরবাজ খানের প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি হয়েছে। আগামী ২০ ডিসেম্বর ছবিটি ভারতে মুক্তি দেয়া হবে।
সূত্র: ইন্ডিয়া টুডে










