লস অ্যাঞ্জেলেস কাউন্টির বিভিন্ন এলাকায় পর্যুদস্ত ছয়টি দাবানলের অভিঘাতে কমপক্ষে ১০ হাজারের মতো অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যেই। গৃহহীন হয়ে পড়েছে লাখো মানুষ। ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ হাজার কোটি ডলারেরও বেশি। যার যার জায়গা থেকে এগিয়ে আসছেন, স্টুডিওগুলোও প্রচেষ্টা চালাচ্ছেন নিজেদের মতো।

বারব্যাংকভিত্তিক চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনি ঘোষণা দিয়েছে, তারা দাবানলের ঘটনায় উদ্ধারকাজে ১ কোটি ৫০ লাখ ডলার দেবে। এ তহবিলগুলো আমেরিকান রেডক্রস, লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট ফাউন্ডেশন, লস অ্যাঞ্জেলেস আঞ্চলিক ফুড ব্যাংক ও অন্যান্য সংগঠনে জন্য বরাদ্দ থাকবে। ডিজনির প্রধান নির্বাহী বব আইগারের ভাষ্য অনুসারে, ‘এ ট্র্যাজেডি চলমান অবস্থায় ওয়াল্ট ডিজনি কোম্পানি আমাদের সম্প্রদায় ও কর্মীদের সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ। সবাই একসঙ্গে এ ভয়াবহ ধ্বংসযজ্ঞ থেকে পুনরুদ্ধার ও পুনর্গঠনের জন্য কাজ করছি। ওয়াল্ট ডিজনি লস অ্যাঞ্জেলেসে এসেছিলেন সীমাহীন স্বপ্ন নিয়ে। এখানেই তিনি তার বাড়ি তৈরি করেছেন। শুরু করেছিলেন তার অসাধারণ গল্প বলা, যা বিশ্বের অনেক মানুষের জন্য গুরুত্বপূর্ণ। এ মুহূর্তে এ গতিশীল সম্প্রদায়কে আমরা সহায়তা করতে পেরে গর্বিত।’

10

একই সময়ে প্যারামাউন্ট গ্লোবালের সহপ্রধান ব্রায়ান রবিনস, ক্রিস ম্যাককার্থি ও জর্জ চিকস কর্মীদের উদ্দেশে একটি মেমো লিখেছেন। তারা জানিয়েছেন, কোম্পানিটি লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট ফাউন্ডেশন, ক্যালিফোর্নিয়া ফায়ার ফাউন্ডেশন, রেড ক্রস, ডিরেক্ট রিলিফ, ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন ও বেস্ট ফ্রেন্ডস অ্যানিমেল সোসাইটিকে ১০ লাখ ডলার দান করবে। মেমোতে বলা হয়েছে, ‘লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন স্থানে ব্যাপক দাবানল চলছে। ধ্বংসযজ্ঞ চলছে পরিবার ও ঘরবাড়ির ওপর দিয়ে। আমরা সবাই এ ট্র্যাজেডির ভুক্তভোগীদের সঙ্গে আছি। বিশেষত যারা তাদের বাড়ি হারিয়েছে। আমরা আমাদের ক্ষতিগ্রস্ত কর্মীদের সমর্থনে প্রতিশ্রুতিবদ্ধ।’

প্যারামাউন্টের সহপ্রধানরা আরো উল্লেখ করেছেন, ‘সিবিএস রেডক্রসের জন্য তহবিল সংগ্রহ শুরু করবে। প্রচারণা শুরু হবে নেটওয়ার্কজুড়ে। আমাদের স্থানীয় স্টেশনগুলো এরই মধ্যে ৩ লাখ ডলারের বেশি সংগ্রহ করেছে। এছাড়া প্যারামাউন্ট পিকচারস ও সিবিএস খাবার অনুদান দেয়া শুরু করেছে। কমেডি সেন্ট্রালের ‘‘দ্য ডেইলি শো’’ ক্যালিফোর্নিয়া ফায়ার ফাউন্ডেশনের জন্য দান করছে। আলতাদেনার কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের ওপর ধ্বংসযজ্ঞের প্রভাব নিয়ে প্রচারণা চালাচ্ছে বিইটি।’

প্যালিসেডস ফায়ার ২১ হাজার একরের বেশি জমি জ্বালিয়ে দিয়েছে। আলতাদেনায় ইটন ফায়ারের আকার ১৩ হাজার একরেরও বেশি পৌঁছেছে। ধ্বংসের পরিমাণ এখনো পুরোপুরি নির্ধারণ করা হয়নি। গত ৯ জানুয়ারি, মিডিয়া ফার্ম অ্যাকুয়াওয়েদার প্রাথমিকভাবে অনুমান করেছিল, এ অগ্নিকাণ্ডের অর্থনৈতিক ক্ষতি ৫ হাজার ২০০ থেকে ৫ হাজার ৭০০ কোটি ডলারের মধ্যে হবে। কিন্তু পরের দিনই, সংস্থাটি অনুমান বাড়িয়ে ১৩ হাজার ৫০০ থেকে ১৫ হাজার কোটি ডলারে উন্নীত করেছে। ক্ষতির পরিমাণ এর থেকে বেশি হওয়ারও আশঙ্কা রয়েছে।

সূত্র ও ছবি: হলিউড রিপোর্টার