ভিন্নধারার বাংলা রক অ্যান্ড রোল ব্যান্ড ‘দ্য রোভার’। ব্যান্ডটির ডেব্যু অ্যালবাম ‘সমধর্মিতা’ রিলিজ উপলক্ষে আজ বেইলি রোডের দ্য গ্রিন লাউঞ্জে সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়েছে।

‘সমধর্মিতায় রয়েছে সাতটি গান। সাইকেডেলিক সাউন্ড, ইন্ডিয়ান ক্লাসিক্যাল রিদম, বাউলিয়ানা লিরিক ও রক অ্যান্ড রোল এনার্জির এক অনবদ্য মিশ্রণ এ গানগুলো। অ্যালবামটি ইতোমধ্যে ইউটিউব ও স্পটিফাইতে রিলিজ করা হয়েছে। অ্যালবামের মূল বিষয়বস্তু নিজেকে সত্যিকার অর্থে খুঁজে পাওয়া, নিজের সঙ্গে কথা বলা ও নিজেকে জানা। আত্ম-অন্বেষণের এ যাত্রায় দ্য রোভার মাধ্যম হিসেবে বেছে নিয়েছে ইস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক ও রক অ্যান্ড রোলকে।

দ্য রোভারের কম্পোজিশনে ষাট দশকের রক অ্যান্ড রোল, হিপি মিউজিক আর ইস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের প্রভাব থাকলেও, তাদের লিরিকে স্পষ্টতই ফুটে ওঠে বাংলার চিরায়ত বাউলিয়ানার প্রভাব। সমগ্র প্রাণ ও প্রকৃতির সঙ্গে একাত্মতা, আত্মানুসন্ধানের তাগিদ, সাম্যের চেতনা—এসবই দ্য রোভারের গানের মূল উপজীব্য। ডেব্যু অ্যালবামের গানেও দ্য রোভারের মতাদর্শের প্রতিফলন ঘটেছে।

সংগীতসন্ধ্যায় দ্য রোভারের পাশাপাশি গান গাইবেন এ সময়ের আরো কয়েকজন উল্লেখযোগ্য শিল্পী। যাদের মধ্যে আছেন আহমেদ হাসান সানি, শুভ্র, লিসান, মুয়ীয মাহফুজ প্রমুখ।