কেএম সোহাগ রানার জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’য় নাবিলা চরিত্রে অভিনয় করে তিনি এরই মধ্যে দর্শকের নজর কাড়তে সক্ষম হয়েছেন। নাটকটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও দর্শক মহলে তৈরি হয়েছে আলাদা আগ্রহ।
ধারাবাহিকটিতে অভিজ্ঞ অভিনেত্রী সুষমা সরকারের সঙ্গে কাজ করে ভীষণ আনন্দিত শিরতাজ। তার ভাষায়, ‘সুষমা দিদির সঙ্গে কাজ করা আমার জন্য বড় শিখন অভিজ্ঞতা। তিনি আমাকে খুব স্নেহ করেন। থিয়েটারের মানুষ হিসেবে তার কাছ থেকে অনেক কিছু শেখা যায়।’
নাটকটি প্রচার শেষ হয়েছে। শিরতাজ জানান, আগামী মে মাসে ঈদ স্পেশাল পর্বের শুটিং শুরু হবে। এ নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘দেনা পাওনা আমার অভিনয়জীবনের একটা মাইলফলক। এ নাটকের মাধ্যমে আমি দর্শকের ভালোবাসা পেয়েছি। যেখানে যাই, দর্শক নাটকটির কথা বলেন। এটা একজন শিল্পীর জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।’
নির্মাতা কেএম সোহাগ রানার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিরতাজ জানান, তার নির্দেশনায় কাজ করতে পেরে তিনি নিজে সমৃদ্ধ হয়েছেন। একই সঙ্গে সহশিল্পী সুষমা সরকারের সঙ্গে ভবিষ্যতে আরো কাজ করার ইচ্ছার কথাও জানান তিনি।
অন্যদিকে সুষমা সরকার শিরতাজ সম্পর্কে বলেন, ‘সে নতুন হলেও খুব ভালো করছে। তার ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।’
প্রযোজনা সূত্রে জানা গেছে, ঈদকে কেন্দ্র করে দেনা পাওনার বিশেষ পর্ব নির্মিত হবে, যা আগামী কোরবানির ঈদে প্রচারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে নতুন গল্প ও চমক থাকছে বলে জানানো হয়েছে।
নাটকটি যেমন শিরতাজ জেবিনকে পরিচিতি এনে দিয়েছে, তেমনি তার ভবিষ্যৎ কাজ নিয়েও বেড়েছে দর্শকের আগ্রহ। পাশাপাশি তিনি মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক নাটকেও অভিনয় করতে যাচ্ছেন বলে জানিয়েছেন, যা তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে।










