ছপাক-এর কপিরাইট লঙ্ঘনের মামলায় অভিযুক্ত হয়েছেন ছবির প্রযোজক দীপিকা পাড়ুকোন ও পরিচালক মেঘনা গুলজার। তাদের বিরুদ্ধে ফৌজদারি পদক্ষেপ নিতে চান চলচ্চিত্র নির্মাতা রাকেশ ভারতী

একজন চলচ্চিত্র নির্মাতা সম্প্রতি বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও ছপাক-এর পরিচালক মেঘনা গুলজারের বিরুদ্ধে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী রাকেশ ভারতী প্রস্তাবিত অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা গ্রহণের জন্য ম্যাজিস্ট্রেট আদালতের কাছে দাবি জানিয়েছেন। ভারতীর দাবি ছপাক তার লেখা চিত্রনাট্যের ওপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। ভারতী অভিযোগ করে বলেন, তিনি ও তার ছেলে অ্যাসিড আক্রান্ত নারীর জীবনের ওপর ভিত্তি করে একটি ছবি নির্মাণের পরিকল্পনা করেছিলেন। এমনকি ২০১৫ সালে তারা ব্ল্যাক ডে শিরোনামের ছবিটির নিবন্ধনও করেছিলেন। অভিযোগকারী আরো বলেন, ছবিটির জন্য তারা ঐশ্বরিয়া রাই, কঙ্গনা রানাওয়াতসহ আরো বেশ কয়েকজন অভিনেতার কাছে গিয়েছিলেন এবং ছবিটি প্রযোজনা করার জন্য ফক্স স্টার স্টুডিওর সঙ্গেও যোগাযোগ করেছিলেন।

চলচ্চিত্র নির্মাতা রাকেশ ভারতী তার ব্ল্যাক ডে শিরোনামের ছবির একটি কপি ফক্স স্টার স্টুডিও, কা প্রডাকশন ও মৃগা ফিল্মসের অফিসে জমা দিয়েছিলেন বলেও দাবি করেন। তিনি বলেন, ‘চিত্রনাট্য পড়ে এ প্রযোজকরা ছবিটি প্রযোজনা করার আগ্রহ প্রকাশ করেছিলেন।’ যাহোক, অভিযোগকারী রাকেশ পরে জানতে পেরেছিলেন, এ প্রযোজকরা একই প্রোজেক্ট অবলম্বনে আলাদা একটি ছবির কাজ করছেন। ভারতী দাবি করেন, ‘এ প্রযোজকরা তার চিত্রনাট্যে পরিবর্তন নিয়ে আসেন এবং ছপাক নির্মাণ করেন।’

ছপাক সহপ্রযোজনা করেছে ফক্স স্টার স্টুডিও, মৃগা প্রডাকশনস ও দীপিকার কা প্রডাকশনস। অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগারওয়ালের জীবনীনির্ভর এবং মেঘনা গুলজার পরিচালিত ছপাক-এ নাম ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা। দীপিকার পাশাপাশি ছবিতে অভিনয় করেন বিক্রান্ত মেসি। ১০ জানুয়ারি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেয়া হবে।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস