একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসী। তিনি শুধু গান গেয়েই নয়, গান নিয়ে গবেষণাও করেছেন। তার সংগীতের ভাণ্ডারে রয়েছে বহু লোকগান, দেশাত্মবোধক ও আধুনিক গান। বহু প্রতিভাধর মানুষটি আর নেই। গতকাল ভোরে রাজধানীর বনানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। গণমাধ্যমকে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মেয়ে শারমিনী আব্বাসী।
জানা গেছে, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মুস্তাফা জামান আব্বাসী। সর্বশেষ গত শুক্রবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গতকাল ভোরে ঢাকার বনানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
উপমহাদেশের এক প্রখ্যাত সংগীত পরিবারের সন্তান মুস্তাফা জামান আব্বাসী। তিনি ভারতের কোচবিহার জেলার বলরামপুর গ্রামে ১৯৩৬ সালের ৮ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। পিতা আব্বাসউদ্দীন আহমেদ পল্লীগীতির কিংবদন্তি শিল্পী। পল্লীগীতিকে তিনিই প্রথম বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় করেছেন।
চাচা আব্দুল করিম ছিলেন পল্লীগীতি ও ভাওয়াইয়া ভাটিয়ালি গানের জনপ্রিয় শিল্পী। বড় ভাই বিচারপতি মোস্তফা কামাল আইনবিশারদ। মোস্তফা কামালের কন্যা নাশিদ কামালও একজন বরেণ্য শিল্পী। বোন ফেরদৌসী রহমান দেশের বহুমাত্রিক প্রতিভার সংগীতজ্ঞ হিসেবে সমাদৃত।
তিনি দীর্ঘ ৫০ বছর ধরে ফোক মিউজিক রিসার্চ গ্রুপের নেতৃত্ব দিয়েছেন। তার সংগ্রহে আছে কয়েক হাজার লোকগান। তিনি ২৫টির বেশি দেশে ভাটিয়ালি, ভাওয়াইয়া, নজরুলগীতি পরিবেশন করেন। বাংলাদেশের সংগীতকে পৌঁছে দিয়েছেন বিশ্বদরবারে।
তিনি ছিলেন ইউনেসকোর বাংলাদেশ ন্যাশনাল কমিটি অব মিউজিকের সভাপতি, নজরুল ও আব্বাসউদ্দীনের ইংরেজি জীবনী লেখার দায়িত্বপ্রাপ্ত গবেষক। তার উপস্থাপনায় বিটিভির ‘ভরা নদীর বাঁকে’, ‘আমার ঠিকানা’, ‘আপন ভুবন’ প্রভৃতি অনুষ্ঠান জনপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশ টেলিভিশনে তার ভরা নদীর বাঁকে অনুষ্ঠানটি বেশ জনপ্রিয় ছিল।
দীর্ঘদিন শিল্পগোষ্ঠীর মহাব্যবস্থাপকসহ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ছিলেন এ গুণী ব্যক্তিত্ব। দক্ষিণ কোরিয়ার সিউলে আন্তর্জাতিক লোকসংগীত সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও সংগীত পরিবেশন করেন।
কবি, লেখক ও গবেষক মুস্তাফা জামান আব্বাসীর ২১টি পাঠকনন্দিত গ্রন্থ রয়েছে। নবীকে ভালোবেসে লিখেছেন ‘মুহাম্মদের নাম’ গ্রন্থ। জীবৎকালে তিনি নানা পদকে ভূষিত হয়েছিলেন।










