রোহিত শেট্টি পরিচালিত গোলমাল বলিউডের অন্যতম সফল কমেডি ফ্র্যাঞ্চাইজি। এবার গোলমাল ফ্র্যাঞ্চাইজি তার পঞ্চম কিস্তি নির্মাণ করতে যাচ্ছে। রোহিত শেট্টি গোলমাল-এর অন্যতম অভিনেতা অজয় দেবগনকে নিয়ে নতুন ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন।
গোলমাল ফ্র্যাঞ্চাইজির প্রযোজক রিলায়েন্স এন্টারটেইনমেন্ট, সঙ্গে আছে রোহিত শেট্টি পিকচার্স। রিলায়েন্স এন্টারটেইনমেন্টের টুইটার পাতায় রোহিত শেট্টি ও অজয় দেবগনের একটি ছবি শেয়ার করে সেখানে গোলমাল ফাইভ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে। তারা এটাও জানাতে ভুল করেনি যে গোলমাল ফাইভ-এর মাধ্যমে গোলমাল বলিউডের প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে পঞ্চম ছবি নির্মাণ করতে যাচ্ছে। অজয় দেবগনও নিজের টুইটার পেজে গোলমাল ফাইভ-এর খবর দিয়েছেন।
গোলমাল ফাইভ-এ অজয় দেবগনের উপস্থিতি নিশ্চিত হলেও অন্য অভিনেতা-অভিনেত্রী হিসেবে কে কে থাকছেন, সেটা এখনো জানানো হয়নি। রোহিত শেট্টির সঙ্গে অজয় অনেকগুলো সফল ছবিতে কাজ করেছেন, যার মধ্যে আছে সিঙ্গাম, সিঙ্গাম রিটার্নস, বোল বচ্চন এবং অল দ্য বেস্ট। আর গোলমাল ফ্র্যাঞ্চাইজি তো আছেই। রণবীর সিং অভিনীত সিমবা ছবিতে একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল অজয় দেবগনকে। রোহিত শেট্টির পরবর্তী ছবি সূর্যবংশীতেও দেখা যাবে রণবীর ও অজয়কে। সূর্যবংশীতে মূল চরিত্রে আছেন অক্ষয় কুমার এবং তার বিপরীতে আছেন ক্যাটরিনা কাইফ।
জানা গেছে, গোলমাল ফাইভ-এর চিত্রনাট্য তৈরি হয়ে গেছে। রোহিত শেট্টি শিগগিরই এ ছবির শুটিং শুরু করবেন। ২০০৬ সালে মুক্তি পেয়েছিল গোলমাল ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি গোলমাল: ফান আনলিমিটেড। ছবিতে অজয়ের পাশে দেখা গিয়েছিল আরশাদ ওয়ার্সি, শারমান যোগী, তুষার কাপুর ও পরেশ রাওয়ালকে। এরপর একে একে এসেছে গোলমাল রিটার্নস, গোলমাল থ্রি ও গোলমাল অ্যাগেইন। এবার রোহিত-অজয় জুটির গোলমালে আর কাকে কাকে দেখা যাবে, সেটা জানতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে ভক্তদের।
সূত্র: ডিএনএ










