একের পর এক সিনেমা দিয়ে মুগ্ধ করছেন জয়া আহসান। ইদানীং পশ্চিমবঙ্গের সিনেমা নিয়েই বেশি ব্যস্ত থাকেন। এর মধ্যে অভিনয় করলেন নুহাশ হুমায়ূন পরিচালিত ‘২ষ’-এর একটি এপিসোডে। গতকাল মুক্তি পেল তার একটি মিউজিক্যাল ফিল্ম।

সম্প্রতি বাগান বিলাস নামের এ মিউজিক্যাল ফিল্মে অভিনয় করেছেন জয়া। এটি নির্মাণ করেছেন সাদিয়া ইসলাম রোজা। এমন একটি কাজ আসছে, অনেক আগেই ইঙ্গিত দিয়েছিলেন অভিনেত্রী। এবার দেখতে দেখতে চলে এল এর মুক্তির প্রহর। গতকাল এটি মুক্তি পায়। এর আগে এক ফেসবুক পোস্টে অভিনেত্রী লিখেছিলেন, ‘আমাদের বাগান বিলাস, ২৭ জানুয়ারি রাত ৯টায়।’

জানা গেছে, এ মিউজিক্যালে গানটিতে কণ্ঠ দিয়েছেন এলিটা করিম ও প্রীতম হাসান। গানের পাশাপাশি জয়ার সঙ্গে অভিনয়ও করেন তারা। ২০ জানুয়ারি এ কাজের কথা জানিয়ে সংগীতশিল্পী প্রীতম হাসান ও এলিটা করিমের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন, তাদের সঙ্গে খুব রোমাঞ্চকর একটি কাজ করতে যাচ্ছেন।