নতুন নাগরিকত্ব বিলের বিরুদ্ধে দুই সপ্তাহ ধরে ভারতজুড়ে বিক্ষোভ চলছে। অনেক জায়গাতেই এ বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। ভারতে চলমান এ বিক্ষোভ নিয়ে অনেকেই বলিউড তারকাদের নিজস্ব মতামত জানতে চেয়েছেন। অবশ্য বিক্ষোভ নিয়ে বলিউডের অনেক তারকাই  নিজ অবস্থান পরিষ্কার করেছেন। এর মধ্যে অন্যতম কঙ্গনা রানাওয়াত।

সম্প্রতি কঙ্গনা অভিনীত নতুন ছবি পাঙ্গা’র ট্রেইলার মুক্তির অনুষ্ঠানে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে চলমান বিক্ষোভ নিয়ে তাকে প্রশ্ন করা হয়। প্রত্যুত্তরে বিক্ষোভকারীদের উদ্দেশে এ অভিনেত্রী বলেন, ‘বাস, ট্রেন জ্বালিয়ে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির অধিকার আপনাদের কে দেয়? একটি বাসের দাম প্রায় ৭০-৮০ লাখ টাকা এবং এর পরিমাণ খুব সামান্য নয়। আপনারা কি দেশের মানুষের অবস্থা সম্পর্কে জানেন? এ দেশের অনেক মানুষ ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে মারা যাচ্ছে। সহিংসতায় লিপ্ত হওয়া খুব যুক্তিসংগত বিষয় নয়।’

‘গণতন্ত্রের নামে আমরা এখনো স্বাধীনতা-পূর্ব যুগে বাস করছি। স্বাধীনতার আগে আমাদের দেশ দাসত্বের অধীনে ছিল। মানুষকে জোরপূর্বক বন্দুক দেখিয়ে ধরে নিয়ে যাওয়া হতো। আমার ব্যক্তিগত মতামত, গণতন্ত্রের নামে এখনো এসব ঘটে চলেছে। তখন বিক্ষোভ করা, দেশ অচল করে দেয়া, ট্যাক্স না দেয়া যুক্তিসংগত ছিল। তবে আজকের গণতান্ত্রিক সময়ে আপনার নেতা কিন্তু আপনাদেরই একজন। তিনি চীন, জাপান বা অন্য কোনো দেশ থেকে আসেননি।’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে বলতে গিয়ে কঙ্গনা রানাওয়াত এ সময় আরো বলেন, ‘আমাদের নেতা অনেক পরিশ্রম করে বর্তমান অবস্থায় এসেছেন। তিনি তার যোগ্যতায় জয়ী হয়েছেন। তার ইশতেহারে যা কিছু লেখা ছিল, সেসব দেখার পরই কিন্তু তাকে ভোট দিয়ে জয়ী করা হয়েছে। এখন তিনি তার দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছেন, এটাই তো গণতন্ত্র। তাই নয় কি?’

কঙ্গনার পাঙ্গা একজন নারী ক্রীড়াবিদের জীবনভিত্তিক ছবি। ছবিটি পরিচালনা করেছেন অশ্বিনী তিওয়ারি আইয়ার। ছবিতে কঙ্গনা ছাড়াও প্রধান ভূমিকায় আছেন রিচা চাড্ডা, পঙ্কজ ত্রিপাঠী ও নীনা গুপ্তা।

 

সূত্র: ডিএনএ