নিল গেইম্যানের স্যান্ডম্যান থেকে সিরিজ নির্মাণ করেছিল নেটফ্লিক্স। ২০২২ সালে মুক্তি পায় সিরিজের প্রথম সিজন। মরফিয়াস চরিত্রে অভিনয় করেন টম স্টারিজ। প্রথম সিজনের ১১টি এপিসোড সাতজন পরিচালনা করেছিলেন। সিরিজটি গল্প বলা ও ভিজুয়ালের দিক থেকে দারুণ হওয়ায় দর্শক সহজেই এটিকে পছন্দ করেছিল। কিন্তু এবার নেটফ্লিক্স জানাল, দ্বিতীয় সিজনের মধ্য দিয়েই তারা শেষ করে দেবে ‘দ্য স্যান্ডম্যান’।

স্যান্ডম্যান নিয়ে নেটফ্লিক্স বরাবরই দোটানায় ছিল। অন্তত তাদের কাজ দেখে সে রকমই মনে হয়। ২০২২ সালের আগস্টে প্রথম সিজন মুক্তি পাওয়ার পর দ্বিতীয় সিজনের ঘোষণা দিতে তারা অপেক্ষা করে ওই বছরের নভেম্বর পর্যন্ত। তারা দ্বিতীয় সিজনকে প্রথম সিজনের এক্সটেনশন বলতে চেয়েছে বরাবর। এমনকি দ্বিতীয় সিজনে কয়টি এপিসোড থাকবে তা নিয়েও স্পষ্ট করে কিছু জানাতে চায়নি।

দ্বিতীয় সিজনেই কেন শেষ করা হচ্ছে সিরিজটি, এমন জিজ্ঞাসার উত্তরে স্যান্ডম্যানের প্রযোজক অ্যালান হাইনবার্গ বলেন, ‘স্যান্ডম্যান সিরিজে শুরু থেকেই আমরা ড্রিমের (মরফিয়াস) গল্পটা বলতে চেয়েছি। প্রথম সিজনের পর কমিক খুঁজে দেখলাম, ড্রিমকে নিয়ে যা গল্প আছে, তাতে একটা সিজনই নির্মাণ সম্ভব।’ এটুকুর জন্যই তিনি নেটফ্লিক্সকে ধন্যবাদ দিয়েছেন। তিনি বলেন, ‘নেটফ্লিক্সকে ধন্যবাদ আমাদের পুরো টিমকে আবার একত্র করার জন্য।

তারা আমাদের প্রায় সব রসদই দিয়েছেন, যার মাধ্যমে আমরা সুন্দর করে সিরিজটা নির্মাণ করতে পারি। পাশাপাশি মূল গল্পের প্রতি দায়বদ্ধতা প্রকাশ করতে পারি। আমার বিশ্বাস স্যান্ডম্যান বই ও কমিকের পাঠকরা নতুন সিজন দেখে আনন্দিত হবেন।’

অ্যালান নিশ্চিত করেছেন যেভাবে তারা আগে পরিকল্পনা করেছিলেন, দ্বিতীয় সিজন সেভাবেই নির্মাণ হবে। আগের মতোই এপিসোড থাকবে। সেখানে কোনো পরিবর্তন হবে না।

তবে সিরিজ এখনই শেষ করে দেয়া নিয়ে অনেকে আরেকটি সন্দেহ করছেন। কিছুদিন আগে নিল গেইম্যানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। স্যান্ডম্যান বাতিল করার পেছনে এ ঘটনার প্রভাব থাকতে পারে।

সূত্র: ভ্যারাইটি