দেশজুড়ে একের পর এক অনুষ্ঠানে গান পরিবেশন করছেন তিনি। সম্প্রতি কক্সবাজারে একটি স্টেজ শো শেষ করে ঢাকায় ফিরেছেন এ গায়িকা।

আগামীকাল সালমা অংশ নেবেন ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে। একই দিন তিনি ঢাকার অদূরে সোনারগাঁয়ও আরেকটি অনুষ্ঠানে গান পরিবেশন করবেন।

গত বছর সেপ্টেম্বরে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত সালমা ও শাহীন রানার কণ্ঠের গান ‘বন্ধু মায়ার জাদু জানে’ ব্যাপক জনপ্রিয়তা পায়। গ্রাম থেকে শহর—সব জায়গায়ই গানটি শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছিল। সে সাফল্যের ধারাবাহিকতায় একই চ্যানেলের জন্য ‘পরাণ বান্ধ পরাণে’ শিরোনামের নতুন একটি গান প্রকাশ করেছেন সালমা। গানটিতে তার সহশিল্পী কাজী শুভ। গানটি লিখেছেন তানভীর আহমেদ, সুর করেছেন কাজী শুভ। ২ নভেম্বর ইউটিউবে গানটি প্রকাশ হয় এবং এরই মধ্যে ভালো সাড়া পাচ্ছে বলে জানিয়েছেন শিল্পী।

স্টেজ শো ও নতুন গান প্রসঙ্গে সালমা বলেন, ‘এখন দেশজুড়েই স্টেজ শো অনেক কম। তার পরও আমি বেশ ভালো ব্যস্ত সময় পার করছি। কিছুদিন আগেই কক্সবাজারে অনুষ্ঠান করেছি, সামনে পরপর আরো দুটি শো আছে। নভেম্বর ও ডিসেম্বরজুড়ে আরো কয়েকটি অনুষ্ঠানের কথাবার্তা চলছে। আশা করছি শিগগিরই চূড়ান্ত হবে।’

তিনি আরো বলেন, ‘স্টেজে সাধারণত ফোক গান ও লালনগীতিই বেশি গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করি। মাঝে মাঝে আধুনিক গান গাওয়ার অনুরোধ এলে সেটিও গাই। এরই মধ্যে বেশকিছু নতুন গান রেকর্ড করেছি, শিগগিরই সেগুলো প্রকাশ পাবে। নতুন গান পরাণ বান্ধ পরাণের জন্য যারা কাজ করেছেন, সবাইকে ধন্যবাদ।’