শুরু থেকেই দর্শকের আগ্রহ, প্রশংসা ও আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক প্রতিক্রিয়া—সব মিলিয়ে সিনেমাটি এরই মধ্যে সফলতার স্বাক্ষর রেখেছে। দেশের সীমানা ছাড়িয়ে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও কানাডায়ও মুক্তি পেয়ে দর্শকপ্রিয়তা অর্জন করেছে দম।

এবার সারা দেশের দর্শকের জন্য আরো বড় পরিসরে আসছে এ সিনেমা। ২৪ এপ্রিল থেকে দেশের ৫০টির বেশি সিঙ্গেল স্ক্রিনে একযোগে মুক্তি পাচ্ছে সিনেমাটি। প্রযোজনা প্রতিষ্ঠান এভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি জানিয়েছে, এরই মধ্যে মুক্তির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

পরিচালক রেদওয়ান রনি নির্মিত এ সিনেমা শুরুতে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি দেয়া হয়েছিল। পাইরেসি ঝুঁকি এড়ানো এবং দর্শকের আগ্রহ বাড়ানোর কৌশল হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়। সময়ের সঙ্গে দর্শকের আগ্রহ বাড়তে থাকায় এবার সিঙ্গেল স্ক্রিনে বড় পরিসরে মুক্তির সিদ্ধান্ত নেয় প্রযোজনা প্রতিষ্ঠান।

প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানান, এতদিন যারা দেখার অপেক্ষায় ছিলেন, তারা এবার সহজেই প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি উপভোগ করতে পারবেন। তিনি বলেন, ‘আন্তর্জাতিক মানের দৃশ্যায়ন ও সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ গল্প দর্শকের জন্য নতুন অভিজ্ঞতা হয়ে উঠবে।’ দমের সিঙ্গেল স্ক্রিনের তালিকায় ঢাকার মধুমিতা, শ্যামলী সিনেমা হল, সাভারের সেনা অডিটোরিয়াম, রংপুরের শাপলা, ময়মনসিংহের ছায়াবাণী, পাবনার রূপকথা, বরিশালের অভিরুচি, জয়দেবপুরের বর্ষা, সিলেটের নন্দীতা, যশোরের মণিহার রয়েছে বলে জানান শাহরিয়ার শাকিল। 

সিনেমাটিতে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরী, চঞ্চল চৌধুরী, আবুল হায়াৎ, ডলি জহুর ও জাহিদ হাসান। বিশেষ করে কেন্দ্রীয় চরিত্রে আফরান নিশোর অভিনয় এরই মধ্যে দর্শকের প্রশংসা কুড়িয়েছে।

নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘দম শুধু একটি সিনেমা নয়, এটি বাংলাদেশের মানুষের অদম্য সাহসিকতার গল্প। শুরু থেকেই দর্শকের ভালোবাসা তাকে আরো অনুপ্রাণিত করেছে।’

আফগানিস্তানে অপহৃত নূর ইসলামের জীবনের গল্প থেকে দম সিনেমাটি নির্মিত। নূর ইসলাম ও তার পরিবার সম্প্রতি দেখেছেন সিনেমাটি। তিনি এটি দেখে পছন্দ করেছেন এবং বলেছেন, ‘দম আন্তর্জাতিক মানের হয়েছে এবং আফরান নিশোর অভিনয় আউটস্ট্যান্ডিং।’