শিশু-কিশোরদের বিনোদনের জন্য আসছে নতুন কমিকস ‘হিট ম্যান’। সম্প্রতি এ কমিকস নিয়ে নির্মাণ হয়েছে একটি নাটক, যেখানে মূল চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীরকে।

কার্টুনিস্ট সোহানী অনেক আগেই এ কমিকসের পার্শ্বচরিত্রগুলোর কার্টুন ফেস ফাইনাল করেছিলেন। কিন্তু গল্পের প্রাণভোমরা মূল চরিত্র ‘হিট ম্যান’-এর জন্য অপেক্ষা করছিলেন যথার্থ মুখ খুঁজে পেতে। অবশেষে তিনি নিলয় আলমগীরকেই খুঁজে পান তার কাঙ্ক্ষিত চরিত্রে। নাটকে নিলয় হাজির হচ্ছেন ‘রাকিব’ নামের এক যুবকের চরিত্রে। সোহানীর ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী হিমি।

গল্পে দেখা যাবে, রাকিব চাকরির ইন্টারভিউ দিতে বের হয়। কিন্তু পথে হঠাৎ এক অপ্রত্যাশিত ঝামেলায় জড়িয়ে পড়ে। কয়েকজন লোকের সঙ্গে তর্ক-বিতর্কের এক পর্যায়ে রাগের মাথায় সে এক ব্যক্তিকে মারধর করে বসে। ঠিক তখনই ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিল সোহানীর গাড়ি। যানজটে আটকে থাকা অবস্থায় সোহানী রাকিবের এ দৃশ্য প্রত্যক্ষ করেন। রাকিবের রাগী চেহারা, চোখেমুখের এক্সপ্রেশন ও সাহসী ভঙ্গি দেখে তিনি অভিভূত হয়ে পড়েন। মুহূর্তটি ক্যামেরাবন্দি করে রাখেন সোহানী। পরবর্তী সময়ে সে ছবিগুলোই তাকে অনুপ্রাণিত করে রাকিবকে তার কমিক্স ‘হিট ম্যান’-এর প্রধান চরিত্র হিসেবে নির্বাচন করতে। সেখান থেকেই গল্পে নতুন মোড় শুরু হয় এবং দর্শকও পেতে চলেছে এক ভিন্ন স্বাদের অভিজ্ঞতা।

নাটকটি প্রযোজনা করেছে রঙ্গন এন্টারটেইনমেন্ট। চিত্রনাট্য ও পরিচালনায় আছেন তারিক মোহাম্মদ হাসান এবং প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেছেন জামাল হোসেন। শিগগিরই নাটকটি রঙ্গন এন্টারটেইনমেন্টের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

নাটকের নির্মাতা তারিক মোহাম্মদ হাসান বলেন, ‘বেশ মজার ও ভিন্নধর্মী গল্প নিয়ে নাটকটি তৈরি করা হয়েছে। বিশেষ করে নিলয়কে একটু নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। দর্শক তাকে এ নাটকে একদম ভিন্ন আঙ্গিকে দেখবেন, যা আগে হয়তো দেখেনি।’