বাংলাদেশী ব্যান্ড ভাইকিংসের লিড গিটারিস্ট ফারুক হোসেন শুভ। তিনি আমেরিকার গিটার ইফেক্ট ইউনিট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়াম্পলার প্যাডেলসের অফিশিয়াল শিল্পীর স্বীকৃতি পেয়েছেন। যিনি শুভ নামে বেশি পরিচিত।

দক্ষিণ এশিয়ার প্রথম সংগীতশিল্পী হিসেবে তিনি এ স্বীকৃতি পেলেন। এটি শুধু ফারুকের অসাধারণ সংগীত প্রতিভারই প্রমাণ নয়, আন্তর্জাতিক সংগীতাঙ্গনেও তা বাংলাদেশকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।

এ বিষয়ে ফারুক বললেন, ‘এ স্বীকৃতি শুধু আমার জন্য নয়, এটি বাংলাদেশের সংগীতশিল্পীদের প্রতিভার স্বীকৃতি। আন্তর্জাতিক মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করতে পারা সত্যিই গর্বের বিষয়। আমার ব্যান্ড ভাইকিংস, আমার পরিবার, বন্ধু ও অগণিত ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের ভালোবাসা ও সমর্থন ছাড়া এ যাত্রা সম্ভব হতো না।’