ডাটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কমস্কোর জানিয়েছে, গত মাসে ভিডিও দেখার পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ বেড়েছে। কারণ আর কিছু নয়—নভেল করোনাভাইরাস মহামারী।
কমস্কোর বলেছে, কভিড-১৯ থেকে বাঁচতে কোটি কোটি আমেরিকান এখন গৃহবন্দি এবং তারা নানাভাবে বিনোদন খুঁজছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘২০২০ সালের মার্চে ভিডিও অন ডিমান্ডের যে ঢেউ দেখা যাচ্ছে, তা হচ্ছে অভূতপূর্ব এ মহামারীর কারণে। স্টুডিওগুলো তাদের অনেক বড় পর্দার কনটেন্ট অন-ডিমান্ড প্লাটফর্মে দিয়ে দিচ্ছে।’
যুক্তরাষ্ট্রের প্রথম রাজ্য হিসেবে ক্যালিফোর্নিয়ায় নাগরিকদের জন্য ঘরে থাকার নির্দেশ জারি করে ১৯ মার্চ। এর পরের ১০ দিনের মধ্যে একই ধরনের নির্দেশনা দেয় অন্য ২৯টি রাজ্য।
কমস্কো তাদের বিশ্লেষণ করেছে সেট-টপ বাক্সভিত্তিক সব ধরনের অন ডিমান্ড ভিডিওকে, যার মধ্যে আছে বিনা মূল্যে পাওয়া ভিডিও, সাবস্ক্রিপশন ভিডিও ও চাহিদার ভিত্তিতে সরবরাহ করা ইলেকট্রনিক বিক্রয় ব্যবস্থা।
কমস্কোর দেয়া তথ্যমতে, মার্চজুড়ে গড়ে প্রতি সাবস্ক্রাইবার কিনে, ভাড়া করে কিংবা বিনা মূল্যে দেখেছেন ১৬টি ভিডিও টাইটেল। ২০১৯ সালের মার্চের তুলনায় গড়ে প্রতি সাবস্ক্রাইবার চারটি টাইটেল বেশি দেখেছেন।
সাবস্ক্রিপশন ভিডিও অন ডিমান্ড (ভিওডি) তাদের সর্বোচ্চ প্রবৃদ্ধি দেখেছে মার্চে। প্রতি সাবস্ক্রাইবারের জন্য বেড়েছে ৫৩ শতাংশ, ফ্রি অন ডিমান্ড ভিডিও দেখা বেড়েছে ২১ শতাংশ। বিশেষত মার্চের শেষ সপ্তাহে ভিওডি বেড়েছে ৫৭ শতাংশ।
সূত্র: ভ্যারাইটি










