মিন গার্লস খ্যাত মার্কিন অভিনেত্রী, গায়িকা লিন্ডসে লোহান ২০২০ সালে নিজের ক্যারিয়ারকে নতুন করে শুরু করতে চাইছেন। এজন্য তিনি ওমান থেকে যুক্তরাষ্ট্রে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন। বর্তমানে লিন্ডসে বসবাস করছেন ওমানের মাসকটে, কখনো দুবাই বা কখনো লন্ডনে। ২০২০-এর শুরুতে সিএনএনকে দেয়া এক সাক্ষাত্কারে এ বছরে নিজের অভিনয় ও সংগীত ক্যারিয়ারকে এগিয়ে নিতে কঠোর পরিশ্রম করার ইচ্ছার কথা জানিয়েছেন লিন্ডসে।
সিএনএনকে দেয়া সাক্ষাত্কারে ৩৩ বছর বয়সী লিন্ডসে বলেন, ‘আমি
নিজেকে নিয়ে মনোযোগ দিতে চাই। জীবনে কী কী করা যায়, তার সবই করতে চাই। আমেরিকায় ফিরে আবার ছবিতে কাজ শুরু করব। এ বছর দ্রুতই একটি ছবির শুটিং শুরু করব।’ নিজের জীবন ও ক্যারিয়ারকে ফিরে পেতে কঠোর পরিশ্রম শুরু করেছেন বলে জানিয়েছেন তিনি।
২০১৯ সালে লিন্ডসে লোহানের একটি ছবি মুক্তি পেয়েছে—বেলজিয়ান-আমেরিকান থ্রিলার অ্যামং দ্য শ্যাডোজ। গত কয়েক বছরে লিন্ডসে সক্রিয় ছিলেন ছোট পর্দায়। অল্পদিনের জন্য লিন্ডসে লোহান’স বিচ ক্লাব নামের একটি রিয়ালিটি শোয়ের উপস্থাপনাও করেছেন। দ্য মাস্কড সিঙ্গারের অস্ট্রেলীয় সংস্করণের জুরি হিসেবেও কাজ করেছেন।
অভিনয়ের পাশাপাশি এ বছর গানের জগতেও ফিরতে চান লিন্ডসে। কিছুদিন আগে এক সাক্ষাত্কারে নিজের নতুন একটি গানের কয়েক লাইন গেয়েও শুনিয়েছেন। শিগগিরই পুরো গানটি মুক্তি পাবে। সিএনএনকে দেয়া সাক্ষাত্কারের উল্লেখ করে লিন্ডসে লোহান তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ফিউচার
ইজ ব্রাইট!’
২০০৬ সালে আ প্রেইরি হোম কম্প্যানিয়ন ছবিতে মেরিল স্ট্রিপের সঙ্গে অভিনয় করেছিলেন লিন্ডসে। কয়েক দিন আগে মেরিল স্ট্রিপের সঙ্গে তার একটি ছবি শেয়ার করেছেন তিনি। সব মিলিয়ে মনে হয় অভিনয়ে ফেরার জন্য মুখিয়ে আছেন লিন্ডসে।
সূত্র: হাফিংটন পোস্ট










