নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত সিনেমা ‘রিকশা গার্ল’। বিশ্বের ৩০টির বেশি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় সিনেমাটি। এছাড়া ২০২২ সালে যুক্তরাষ্ট্রের ১৮ রাজ্যের ৫২টি শহরে চলচ্চিত্রটি দেখানো হয়। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারও জিতেছে এ সিনেমা। সবশেষ গত শুক্রবার দেশের হলে মুক্তি পায় এটি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় সিনেমাটি প্রযোজনা করেছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ও জনপ্রিয় শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর, এরিক জে অ্যাডামস, জিয়াউদ্দিন আদিল ও শিহাব আহমেদ সিরাজী।
সিনেমাটির গল্পে ছবি আঁকতে পছন্দ করে নাঈমা নামের এক কিশোরী। সংসারের একমাত্র উপার্জনক্ষম বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্রোতের প্রতিকূলে লড়াই শুরু হয় নাঈমার। ছবি এঁকে যেহেতু পয়সা মেলে না, তাই উপায়ান্তর না পেয়ে রিকশা নিয়ে রাস্তায় বের হয় সে।
জটিল হতে থাকে গল্প। প্রশ্ন এসে দাঁড়ায় নাঈমা কীভাবে তার স্বপ্ন পূরণ করবে। এমন গল্পে অমিতাভ রেজা চৌধুরী বানিয়েছেন রিকশা গার্ল। সিনেমায় নাঈমা চরিত্রে অভিনয় করেছেন মোমেনা চৌধুরীর মেয়ে নভেরা রহমান। অন্যান্য চরিত্রে চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ। সিনেমাটির ডিজিটাল পার্টনার বঙ্গ।
রিকশা গার্ল বর্তমানে দেশের ১১টি হলে মুক্তি পেয়েছে। দেশের প্রেক্ষাগৃহে এ সিনেমা কেমন চলছে, এমন প্রশ্নের জবাবে এর পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বণিক বার্তাকে বলেন, ‘দর্শক সিনেমাটি দেখছে এবং যারা দেখছে তারা জানাচ্ছে যে সিনেমাটি তাদের খুব ভালো লেগেছে। দেশের পরিস্থিতির কারণে এ মুহূর্তে দর্শক একটু কম আসে সিনেমা হলে, কিন্তু যারা দেখছে তাদের ভালো লাগছে জানতে পারছি।’
অনেক আগে এ সিনেমার নির্মাণকাজ শেষ হলেও এত দেরিতে মুক্তি দেওয়ার কারণ হিসেবে অমিতাভ জানান, সিনেমাটির স্পন্সরশিপ, মার্কেটিংয়ের বাজেট, ওটিটি প্লাটফর্ম ছাড়াও গন-অভ্যুত্থানসহ দেশের সার্বিক পরিস্থিতি মিলিয়ে এটি মুক্তি দেয়ার অনুকূল পরিস্থিতি ছিল না। শেষ পর্যন্ত চিন্তা করলাম, আমার এগুলো দরকার নেই। আমার যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী এটি রিলিজ করে ফেলি।’
দর্শকের উদ্দেশে তিনি বলেন, ’১০-১৪ বছর বয়সী ছেলেমেয়ে যাদের আছে, আমি অনুরোধ করব সেসব বাবা-মাকে তারা যেন তাদের সন্তানদের নিয়ে সিনেমাটি দেখতে আসেন। কারণ কিশোর-কিশোরী যারা ছবি আঁকতে চায়, তাদের অনুপ্রাণিত করবে সিনেমাটি। শিশুদের মনস্তত্ত্বে এটি প্রভাব ফেলবে এবং তাদের জন্য সিনেমাটি ভালো হবে।’
রিকশা গার্ল নতুন কোনো হলে মুক্তি পাচ্ছে কিনা জানতে চাইলে অমিতাভ বলেন, ‘এ মুহূর্তে নতুন কোনো সিনেমা হলে মুক্তি পাচ্ছে না। আপাতত যে হলগুলোয় মুক্তি পেয়েছে সেগুলোয়ই চলবে।’










