ভারতে ডাক্তারদের আক্রমণ করা শিক্ষিতদের ওপর চটেছেন অজয় দেবগন। এ শিক্ষিত আক্রমণকারীদের তিনি নিকৃষ্টতম অপরাধী হিসেবে আখ্যা দিয়েছেন।

ভারতে নভেল করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা গত কয়েক দিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এ পরিস্থিতি দেশটির নাগরিকের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। এরই মধ্যে সম্প্রতি দিল্লিতে দুজন নারী চিকিৎসক নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে বের হয়ে লাঞ্ছনার শিকার হয়েছেন। তারা তাদের বাড়ি থেকে বের হওয়ার কারণে এক ব্যক্তি তাদের হয়রানি করে। এ আক্রমণকারীর যুক্তি নারী ডাক্তাররা ঘর থেকে বের হওয়ায় করোনা ছড়িয়ে পড়তে পারে। চিকিৎসকরা পুলিশকে ফোন করলে সেই আক্রমণকারী সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। পরে তাকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে।

শুধু এ ঘটনাই নয়, গত কয়েক দিনে ভারতের বিভিন্ন স্থানে চিকিৎসকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ পাওয়া গেছে। কিছুদিন আগে এইমস-এ জরুরি দায়িত্ব পালন করে ফেরার পথে এক দল তরুণ চিকিৎসক পুলিশের লাঠিপেটার শিকার হয়। তারা আইডি কার্ড দেখানোর পরও এ ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে অজয় দেবগন তার একটি টুইটের মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেন। তিনি লিখেছেন, ‘‘ভিত্তিহীন অনুমানের ভিত্তিতে ডাক্তারদের ওপর ‘শিক্ষিত’ ব্যক্তিদের হামলা চালানোর কথা জেনে চরম বিরক্ত লাগছে এবং রাগ হচ্ছে। এ ধরনের অসংবেদনশীল মানুষ সবচেয়ে বাজে অপরাধী। # স্টেসেফস্টেহোম # ইন্ডিয়াফাইটসকরোনা।”

অজয়ের অনেক ভক্ত তাকে সমর্থন করেছেন। কেউ কেউ টুইট করেছেন, ‘ডাক্তারদের ওপর আক্রমণকারীদের সঙ্গে সঙ্গে গ্রেফতার করা উচিত।’ এদিকে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ভারতে তীব্র আকার ধারণ করছে। এখন পর্যন্ত সারা দেশে ২৪৯ জন মারা যাওয়ার পাশাপাশি মারাত্মক এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৪০০ জনেরও বেশি।

 সূত্র: পিংকভিলা